একাত্তরে গণহত্যার ‘হোতা’ ছিলেন গোলাম আযম
জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ করেছে প্রসিকিউশন বিভাগ।
সোমবার প্রসিকিউশসের যুক্তিতর্ক উপস্থাপনের পর আগামী ৭ মার্চ আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরুর দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
শুনানিতে প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সব বর্বরতার ‘হোতা’ হিসেবে কার্যকর ভূমিকা রেখেছিলেন গোলাম আযম।
এটাকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা’ উল্লেখ করে বলে তিনি ট্রাইব্যুনালকে বলেন, “এটা বিশেষ মনযোগের দাবি রাখে।”
ষড়যন্ত্র, উসকানি ও সহযোগিতাসহ যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগে গোলাম আযমের মামলায় সমাপনী যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন।
গোলাম আযমের বিরুদ্ধে আইনগত যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
তিনি গোলাম আযমের ‘নেতৃত্বের দায়’ ও ‘উচ্চতর ভূমিকা ও অবস্থানের’ বিষয়ে যুক্তি তুলে ধরতে অন্যান্য দেশ থেকে একই রকম কয়েকটি যুদ্ধাপরাধের মামলার নজির তুলে ধরেন।
গোলাম আযমের আত্মজীবনী থেকেও কিছু বিষয় তুলে ধরে তিনি দেখান যে, সাবেক এই জামায়াত প্রধানের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা বাংলাদেশের নয় মাসের মুক্তিযুদ্ধের শুরুর ২৫ মার্চের রাতে কুখ্যাত অপারেশন সার্চলাইটের সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রমাণ করে।
প্রধান প্রসিকিউটর উঠে দাঁড়িয়ে বলেন, “গোলাম আযম (মুক্তিযুদ্ধের সময়) বর্বরতার শুধু পরিকল্পনাকারীই ছিলেন না, অন্যতম মূল হোতাও ছিলেন।”
রোজায় মুক্ত থাকতে চান গোলাম আযম
প্রসিকিউটর সুলতান মাহমুদ গোলাম আযমের বিরুদ্ধে ৬১টি ঘটনার সবকটি আদালতে উপস্থাপন করে বিস্তৃত বিষয়াবলি প্রকাশ করেন এবং এ মামলায় প্রয়োজন অনুযায়ী বিচারকরা গুরুত্ব দেবেন বলে আশা করেন তিনি।
এর পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর আসামি পক্ষকে শুনানি শুরু করতে বলেন।
হরতালের দিনে আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা আদালতে ছিলেন না। তাবে দুই কনিষ্ঠ আইনজীবীর মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত আবু বকর সিদ্দিক এক সপ্তাহ সময় চান।
এরপর আদালত শুনানির জন্য ৭ মার্চ তারিখ ঠিক করে।
গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ৫২ দফা অভিযোগ উত্থাপন করে গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের নির্দেশে তা পুনর্বিন্যস্ত করে ৫ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়।
তার বিরুদ্ধে একাত্তরে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠন করে ব্যাপক হত্যা ও নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।
১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি।
বাংলাদেশে ফেরার পর দীর্ঘদিন তার নাগরিকত্ব না থাকলেও বিএনপি সরকারের সময় উচ্চ আদালতের আদেশে নাগরিকত্ব ফিরে পান গোলাম আযম।
