হরতালের মধ্যে ছিনতাই
হরতালের মধ্যেই বিজিবি সদর দপ্তরের কাছে গুলি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহত বশীর আহমেদ (৩৮) হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার মক্কা রাইস এজেন্সির ব্যবস্থাপক বলে পুলিশ জানায়।
সোমবার দুপুর দেড়টার দিকে বিজিবি সদর দপ্তরের এক নম্বর ফটকের সামনে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।
আহত অবস্থায় বশীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বশীর তিন লাখ টাকা নিয়ে হেঁটে ব্যাংকে যাচ্ছিলেন।
“বিজিবি সদর দপ্তরের এক নম্বর গেটের একশ’ গজ পশ্চিমে ব্র্যাক ব্যাংকের কাছে তিন মোটর সাইকেল আরোহী তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”
বশীরের বাম পায়ে গুলি লেগেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
দেশব্যাপী জামায়াতের ৪৮ ঘণ্টা হরতাল চলছে রোববার সকাল থেকে। হরতালে রাজধানীতে নাশকতার চেষ্টা দমনে বিজিবিও কাজ করছে।
