২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশ গঠনে পাশে আছি’

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন, সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে বাংলাদেশের পাশেই থাকবে ভারত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 07:18 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে দাঁড়িয়ে বাংলায় কথা বলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। 

তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিভিন্ন সামাজিক সূচকেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

শিক্ষা, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, পরিবেশ রক্ষা ও সুন্দরবন রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-বাংলাদেশের সহযোগিতার গুরুত্বও এ সময় তুলে ধরেন ভারতের রাষ্ট্রপতি।

তিনি বলেন, “সোনার বাংলাদেশ গঠনে ভারত আপনাদের পাশে থাকবে।”

সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা শ্রোতাদের কাতারে বসে ভারতের রাষ্ট্রপতির এই বক্তব্য শোনেন।

শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি হবে আশা প্রকাশ করে প্রণব বলেন, ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনেও পার্লামেন্টে প্রস্তাব তুলতে যাচ্ছে ভারত সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতিকে ডক্টরেট অব ল’ ডিগ্রি দিয়ে সম্মান জানানো হয় এই সমাবর্তন অনুষ্ঠানে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান তার হাতে এই ডিগ্রি তুলে দেন।

এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রণব মুখোপাধ্যায় বলেন, এই বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার।

বাহান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ভূমিকার কথাও উঠে আসে ভারতীয় রাষ্ট্রপতির সমাবর্তন বক্তৃতায়।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র-শিক্ষক একাত্তরে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছিলেন, তারাই দেশ স্বাধীন হওয়ার পর দেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছিলেন।

এ দেশের তরুণদের দেশপ্রেমেরও প্রশংসা করেন উপমহাদেশের প্রবীণ এই রাজনীতিবিদ।

তিনি বলেন, গান, নাটক, কবিতায় নিজস্ব মননকে তুলে ধরার মতো এমন দেশ বিশ্বে বিরল।

এ দেশে যেভাবে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জাতীয় চেতনা গড়ে উঠেছে তা থেকে ভারতের ‘অনেক কিছু শেখার আছে’ বলেও মন্তব্য করেন এই বাঙালি।

প্রণব মুখোপাধ্যায়ের আগমণ উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। তাকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।

শিক্ষার্থীরা সকালে সমাবর্তনের গাউন পরে শোভাযাত্রা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হন। 

ভারতীয় রাষ্ট্রপতি বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাকে অভ্যর্থনা জানান।

তিন দিনের সফরে রোববার সকালে ঢাকায় পৌঁছান মুক্তিযুদ্ধের সময় সহায়তার হাত বাড়িয়ে দেয়া এই বিদেশি বন্ধু।

সোমবার বিকালে বাংলাদেশের পক্ষ থেকে তাকে মুক্তিযুদ্ধ সম্মাননাও দেয়া হবে। 

পুরনো খবর:

অভিভূত প্রণব