২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিভূত প্রণব

স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য বাংলাদেশের পক্ষ থেকে সম্মাননা জানানোর সিদ্ধান্তের অভিভূত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কূটনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 02:23 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

ঢাকা সফরের প্রথম দিন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বিদেশি হিসেব অবদান রাখায় কৃতজ্ঞতাস্বরূপ সোমবার সম্মাননা দেয়া হবে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণবকে।

সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

প্রণব মুখোপাধ্যায় বলেন, “বহু দেশের জন্য ভারতীয় সেনাবাহিনী কাজ করেছে। কিন্তু এই ধরনের সম্মাননা বাংলাদেশ ছাড়া কেউ দেয়নি।”

একাত্তরে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার জন্য ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা দেয় সরকার।

ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে রোববার সকালে ঢাকায় পা রাখেন পশ্চিমবঙ্গের বাঙালি প্রণব মুখোপাধ্যায়। তার স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের পৈত্রিক বাড়ি বাংলাদেশের নড়াইলে।

বৈঠকে ভারতের রাষ্ট্রপতি গত কয়েক বছরে অর্থনৈতিক মন্দার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা ও তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বলে দীপু মনি জানান।

তিনি জানান, তিস্তা চুক্তি, সীমান্ত চুক্তি কার্যকর নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। 

তিস্তা চুক্তি সই এবং সীমান্ত চুক্তি কার্যকরের আশ্বাস দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।

Image
বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার।

বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার।

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে ঢাকায় এলেন ভারতের রাষ্ট্রপতি। তার সফরের দ্বিতীয় দিনও হরতাল থাকছে। শেষ দিন থাকছে বিএনপির হরতাল।

ভারতের রাষ্ট্রপতির সফরের মধ্যে এই হরতালের বিষয়ে দীপু মনি বলেন, “এটা খুবই দুঃখজনক। এই হরতাল অনভিপ্রেত ছিল।”

প্রধানমন্ত্রীর আগে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই উপদেষ্টা গওহর রিজভী ও মসিউর রহমান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

সফরের দ্বিতীয় দিনে সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে যোগ দেবেন প্রণব মুখোপাধ্যায়, বিকালে বঙ্গভবনে সম্মাননা নেবেন তিনি।

সফরের শেষ দিন শ্বশুরবাড়ি নড়াইলে যাবেন ভারতের রাষ্ট্রপতি। ওই দিন শিলাইদহে কবিগুরুর কুঠিবাড়ি, টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে যাবেন তিনি।

পুরনো খবর:

তিস্তা চুক্তি: ‘সংবিধান সংশোধনেও রাজি নয়া দিল্লি’
ভারতীয় রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা