২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মন্দির ভাংচুর জামায়াতের

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় জামায়াত-শিবিরকর্মীরা তিনটি মন্দিরে ভাংচুর চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 08:28 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

এনায়েতপুর থানার ওসি ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রোববার ভোরে উপজেলার বেতিল হালদারপাড়া, গুপিনাথপুর ও রূপসী এলাকায় তিনটি কালী মন্দির ভাংচুর করা হয়।

এ সময় হরতালকারীরা বেতিল আওয়ামী লীগ কার্যালয়ও ভাংচুর করে।

এছাড়া বেলকুচিতে বেশকিছু ঘরবাড়ি-দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বেলকুচি উপজেলা সদরের চালা বাসস্ট্যান্ড ও মুকুন্দগাঁতী বাজারে  দু’টি অপেক্ষমান ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করে।

এক পর্যায়ে জামায়াত-শিবিরের পিকেটাররা ভোরে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে। সকাল সাড়ে ৭টার পর থেকে পুরো এলাকা জামায়াত-শিবিরের দখলে চলে যায়। তখন সেখানের বেশকিছু বাড়িঘর ও দোকানপাটে হামলা চালানো হয় বলে দাবি করেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ফজলুল হক সরকার।

এরপর জামায়াত-শিবিরের পিকেটাররা সকাল ৮টার দিকে বেলকুচি থানা ঘেরাও করে সামনের সিরাজগঞ্জ-বেলকুচি-এনায়েতপুর সড়কে আধাঘণ্টা অবস্থান করে। এ সময় তারা থানার ভিতরে ঢোকার চেষ্টা চালায় বলে জানান থানার উপ-পরিদর্মক রেজাউল ইসলাম।

তিনি জানান, অবস্থা বেগতিক দেখে পুলিশ ক্যাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়।

পরে জেলা সদর থেকে বিজিবি ফোর্স বেলকুচিতে গিয়ে সকাল ১০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে জানান এনায়েতপুর থানার ওসি মিজানুর রহমান মিজান।

দুপুর ১২টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনায়েতপুর উপজেলা সদর এখন কিছুটা শান্ত হলেও গ্রামে বিছিন্নভাবে সংঘর্ষ অব্যাহত রয়েছে।