জাতীয় পতাকা উড়ল শাহবাগে, মিছিল হল ক্যাম্পাসে
গণজাগরণবিরোধীদের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে গণজাগরণ মঞ্চে উড়েছে লাল-সবুজ পতাকা।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার শাহবাগে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে মিছিলও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
সকাল সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে গণজাগরণ মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন হয়। জাতীয় পতাকা তোলেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
পতাকা উত্তোলনের পরপরই ‘জয় বাংলা’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁ ‘ স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগের প্রজন্ম চত্বর।
ইমরান বলেন, “জামায়াত-শিবিরের ‘হায়েনারা’ দেশে তাণ্ডব চালিয়েছে, জাতীয় পতাকা ছিঁড়েছে, তা নজীরবিহীন। এই বাংলায় কোনো রাজাকারকে ঠাঁই দেয়া হবে না।”
গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে মসজিদ থেকে মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চ ভাংচুর হয়, ছিড়ে ফেলা হয় জাতীয় পতাকা।
এজন্য জামায়াত-শিবিরকে দায়ী করা হলেও তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে বিক্ষোভ আহ্বানকারী ইসলামী দলগুলোর নেতারা জাতীয় পতাকা অবমাননায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে ‘সুযোগ সন্ধানীদের’ দায়ী করেছেন।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ে ক্ষুব্ধ জামায়াত রোব ও সোমবার হরতাল ডেকেছে।
এই হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “ইতোপূর্বে বাংলার সাধারণ মানুষ তাদের হরতাল প্রত্যাখ্যান করছে। তাদের এই হরতালও দেশবাসীকে প্রত্যাখ্যানের আহ্বান জানাই।”
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
গত বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চ থেকে শনিবার দেশের সব সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, বাস, ট্রাক, লঞ্চ, নৌকা, মোটর সাইকেলসহ সব যানবাহনে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাসহ বিভিন্ন রাস্তাঘাটে গণজাগরণমঞ্চের আহ্বানের সাড়া দিয়ে বাস, মাইক্রোবাস, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে পতাকা উড়তে দেখা যায়।
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব ভবনসহ হলে জাতীয় পতাকা উত্তোলন হয়।
এদিকে পতাকা উত্তোলনের পর বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে মিছিল বের হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ. বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার, জাসদ ছাত্রলীগের সভাপতি হুসাইন আহমেদ তফসির প্রমুখ।
মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
