বরিশালে আসামি জামায়াতের ৩০০
বরিশালের উজিরপুর উপজেলায় জামায়াত-শিবির ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে করা এ মামলায় উপজেলা জামায়াত আমির মো. কাওসার হোসেনসহ ১২ জনের নাম উল্লেখ কর অজ্ঞাত পরিচয় ৩০০ জনকে আসামি করা হয়েছে।
উজিরপুর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান মামলাটি দায়ের করেন বলে ওসি জানিয়েছেন।
উজিরপুর মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জানমালের ক্ষতির চেষ্টা, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও হামলায় জখম করার অভিযোগ আনা হয়েছে মামলায়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআই লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উজিরপুরের বামরাইল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। যানবাহন ভাংচুর করে।
পুলিশ বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ রাউন্ড গুলি ও দুই রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে, বলেন তিনি।
