বৈদ্যুতিক গোলোযোগ: সাজেদা চৌধুরীর গ্রামের বাড়িতে আগুন
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গ্রামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সামান্য ক্ষতি হয়েছে।
শুক্রবার ভোর রাতে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাড়ির তত্ত্বাবধায়ক আইউব আলী ও জাহিদ বাড়িতে ছিলেন না। ভোরে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে গ্রামের লোকজন তাদের খবর দেয়।
ফরিদপুর থেকে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফরিদপুর ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন কর্মকর্তা সেলিম মিয়া সাংবাদিকদের জানান, ভোর সোয়া ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাড়ির একটি শোবার ঘরে আগুন লাগে।
এ ঘটনায় ওই ঘরের দুটি খাট ও দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পুড়ে যায় বলে জানান তিনি।
খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
