গাজীপুরে ছয়শ জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা
হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় গাজীপুরে দুটি মামলায় জামায়াত-শিবিরের প্রায় ছয়শ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে জয়দেপুর ও টঙ্গী থানায় দুটি মামলা করে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহব্বত কবির সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জামায়াত-শিবিরের কর্মীরা গাজীপুর বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় বেশ কিছু গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় জয়দেপুর থানার এসআই মো. আশরাফুজ্জামান বাদি হয়ে রাতে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো দুই-তিনশ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে মামলা করেন।
এছাড়া টঙ্গী কলেজ গেইট ও হোসেন মার্কেট এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে গাড়ি ভাংচুর করে জামায়াত কর্মীরা।
এ ঘটনায় টঙ্গী থানার এসআই মো. আজিজ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করেন।
এদিকে কালীগঞ্জ থানায় বালিগাঁও এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা একটি বাস ও একটি ট্রাকে আগুন দেয়।
এ ঘটনাতেও মামলার প্রস্তুতি চলছে বলে কালীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন জানান।
