গাজীপুরে অর্ধশতাধিক গাড়ি ভাংচুর
জামায়াত-শিবির কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর আন্ত:জেলা বাস টার্মিনাল এলাকায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করেছে।এ সময় তারা ফাঁকা গুলিও ছোড়ে।
এদিকে পুলিশ গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমীর মো. হোসেন আলী ও তার ভাই রওশন আলীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী বলাকা পরিবহনের চালক মহিউদ্দিন বাহার জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জামায়াত-শিবিরের ৪০-৫০ জন সশস্ত্র কর্মী জেলা শহরের নিয়ামত সড়ক এলাকা থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বাস টার্মিনাল এলাকার দিকে আসতে থাকে। এ সময় তারা শিমুলতলী সড়কের দুইপাশে এবং টার্মিনালে দাঁড়িয়ে থাকা অন্তত ৪৫টি বাস ভাংচুর করে।
এ ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেয় এবং পথচারীরা দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। পরে পরিবহন শ্রমিকদের নিয়ে পুলিশ জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া করে ও কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমীর মো. হোসেন আলী ও তার ভাই রওশন আলীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানান জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. মিটু শেখ।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, টঙ্গী কলেজ গেট ও হোসেন মার্কেট এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরাগুপ্তা হামলা চালিয়ে ৭-৮টি গাড়ি ভাংচুর করেছে।
এর আগে দুপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ছাত্রশিবির ও জামায়াত কর্মীরা গাজীপুর সদর উপজেলার নলজানি, তেলিপাড়া, নাওজোর এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করে। বিকেলে ভোগড়া বাইপাস সড়কের পেয়ারা বাগান এলাকায় তারা একটি ট্রাকে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে ভোগড়া ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নাজমুল হক জানান।
এ ছাড়া বিকালে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট গেটের পাশের রাস্তায় আগুন ধরানোর সময় জসিম ও মাসুম আহমেদ নামের দুই পিকেটারকে আটক করে পুলিশ ও র্যাব সদস্যরা।
