রংপুর পুলিশে সর্বোচ্চ সতর্কতা
গাইবান্ধায় জামায়াত-শিবিরকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হওয়ার পর বৃহস্পতিবার রাত থেকে রংপুর রেঞ্জের সব থানা ও ফাঁড়িতে রেড এলার্ট জারি করেছে পুলিশ প্রশাসন।
পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত ১১টায় রেঞ্জের অধীন আট জেলার সব থানা ও ফাঁড়িতে রেড এলার্ট জারি করা হয়েছে। পাশাপাশি এসব পুলিশ ইউনিটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
বৃহস্পতিবার আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সারা দেশে সহিংস হয়ে ওঠে জামায়াত-শিবিরকর্মীরা।
তারা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যাসহ ফাঁড়িতে ব্যাপক ভাংচুর চালায়।
এছাড়া সহিংসতায় ঠাকুরগাঁয়ে পাঁচজন, রংপুরে পাঁচজন ও দিনাজপুরে একজন নিহত হয়।
