মতিঝিলে পুলিশের ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ
মানবাতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃতুদণ্ড দেওয়ার পর মতিঝিলে জামায়াত-শিবিরকর্মীদের জড়ো হওয়ার খবরে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ।
মতিঝিল এলাকা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক শেখ আবদুল্লাহ জানান, শাপলা চত্বর থেকে দৈনিক বাংলার দিকে সড়কে পুলিশ প্রায় ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
মতিঝিল এলাকার পুলিশের পেট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাসার বলেন, “পুলিশের কাছে খবর ছিল এ এলাকায় জামায়ত-শিবির চক্র জড়ো হচেছ। অতিরিক্ত সতর্কতার জন পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে।”
কমলাপুরেও পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
হত্যা, লুণ্ঠন, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এদিকে দুপুর পৌনে দুইটার দিকে শাপলা চত্বরে একটি ককটেল বিস্ফোরিত হয়।
গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনোর সহকারী কমিশনার নূর আলম বলেন, “এখানে কোনো একটি বহুতল ভবন থেকে ককটেলটি ফেলা হয়েছে।”
গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার নূর আলম বলেন, “এখানে কোনো একটি বহুতল ভবন থেকে ককটেলটি ফেলা হয়েছে।”
এদিকে বেলা সোয়া তিনটার দিকে রাজধানীর মেরুল বাড্ডার সেবা মেডিকেল হলের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন শিবির কর্মীকে ধরে পিটুনি দিয়েছে জনতা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে শিবিরকর্মীরা পথচারির বেশে ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিল। সেখান থেকেই তাদেরকে সনাক্ত করে পিটুনি দেয়া হয়। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে।
বাড্ডা থানার এসআই মো. ইমরান এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “জনতার মাধ্যমে এই তিনজনকে আটক করা হয়।”
পরে শিবির সন্দেহে আরো তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
