২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহে একদিন গ্রামে যান, চক্ষু চিকিৎসকদের প্রধানমন্ত্রী

তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে চোখের চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ গ্রামে যাওয়ার জন্য চক্ষু চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 01:49 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

প্রতি মাসে চোখের চিকিৎসার জন্য ক্যাম্প করে ছানি অপারেশনসহ উন্নত চিকিৎসা সেবা দেয়ার জন্যও চিকিৎসকদের প্রতি আহবান জানান সরকার প্রধান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সম্মেলন উদ্বোধনকালে এ আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি চিকিৎসকদের জ্ঞানকে গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে আরো শানিত করে এ ব্যাপারে আরো আগ্রহী হতে তাদের প্রতি আহবান জানান।

চোখ মানুষের মূল্যবান অঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চোখের চিকিৎসকরা মানুষের এই গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসা সেবার মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় যথেষ্ট অবদান রাখছেন।

অন্ধত্বকে বাংলাদেশের জন্য একটি ‘গুরুতর জনস্বাস্থ্য সমস্যা’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, “এ দেশে অন্ধত্বের সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। এর প্রায় শতকরা ৮০ ভাগ ছানিজনিত এবং যা পরিহারযোগ্য। ছানিজনিত অন্ধত্ব অপারেশনের মাধ্যমে নিরাময় করা সম্ভব। এ জন্য জনগণকে সচেতন এবং সময়মতো চক্ষু চিকিৎসকের কাছে যেতে উদ্বুদ্ধ করতে হবে।”

এই সচেতনতা সৃষ্টিতে তিনি চিকিৎসক, গণমাধ্যম, সমাজকর্মী ও সব সেবামূলক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।

শেখ হাসিনা বলেন, সব রোগের ক্ষেত্রেই প্রতিকারের চেয়ে প্রতিরোধ অনেক বেশী কার্যকর। চক্ষু সমস্যা হ্রাসে গর্ভাবস্থায় মায়েদের সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি শিশুদেরও সুষম খাদ্য নিশ্চিত করতে পরিবারকে তৎপর হতে হবে। এ ব্যাপারে মায়েদের বিশেষভাবে সচেতন থাকতে হবে।

“গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী ও নারীরা আর্থিক ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে শহরে এসে সময়মতো চিকিৎসা সেবা নিতে পারেন না। ফলে তারা দৃষ্টিশক্তি হারাতে থাকেন।

“এই অন্ধত্বের নেতিবাচক প্রভাব ব্যক্তিজীবন ছাড়িয়ে পরিবার,  সমাজ ও জাতীয় জীবনেও পড়ে। এতে ব্যক্তিগত ও পারিবারিক আয়ের সঙ্গে জাতীয় উৎপাদন ও প্রবৃদ্ধি হ্রাস পায় এবং অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়।”

সংগঠনের সভাপতি ডা. দীন মোহাম্মাদ নূরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সংগঠনের মহাসচিব জিয়াউল ইসলাম মোহাম্মাদ আলী ও সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান শরফুদ্দিন আহমাদ বক্তব্য দেন।