ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ
ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও হামলা-ভাংচুরের মামলার আসামি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ।
২০১২ সালের সেপ্টেম্বরেও একবার গ্রেপ্তার করা হয়েছিল লতিফ নেজামীকে।
ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের সভাপতি আনছারুল হক ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সাড়ে ৪টার দিকে পুরানা পল্টনে দলের মহানগর কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ লতিফ নেজামীকে আটক করে।
“তিনি একটি কর্মসূচিতে যাওয়ার জন্য অফিস থেকে বের হওয়ার পর সাদা পোশাকধারী পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।”
আনছারুল ইমরান জানান, সকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর স্মরণ সভায় অংশ নেন লতিফ নেজামী। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুনের জানাজায় অংশ নিয়ে তিনি পুরানা পল্টনে দলের কার্যালয়ে যান।
রাত পৌনে ৯টার দিকে লতিফ নেজামীকে ছেড়ে দেয়া হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে ডিবি অফিসে নিয়ে বসিয়ে রাখা হয়েছিল। কিছু কথাও হয়েছে। পরে ছেড়ে দিয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলার সময় গোলাপবাগে নিজের বাসায় ছিলেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এই নেতা।
গোয়েন্দা পুলিশ বেশ ‘ভালো’ ব্যবহার করেছে বলে জানান তিনি।
তবে এই বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
গত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন, কাঁটাবন, ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে তাণ্ডবের পর চার থানায় পাঁচ হাজারেরও বেশি লোককে আসামি করে ১১টি মামলা করে পুলিশ। এর মধ্যে পল্টনের চার মামলায় আব্দুল লতিফ নেজামীসহ সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের আসামি করা হয়।
অপপ্রচার চালিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং হামলা-ভাংচুরের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
গত শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলের ব্যানারে শাহবাগের জাগরণমঞ্চবিরোধী মিছিল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালানো হয়। চট্টগ্রাম ও সিলেটে জাগরণমঞ্চে ভাংচুর চালায় মিছিলকারীরা। হামলা থেকে বাদ যায়নি সিলেট ও ফেনীর শহীদ মিনারও।
কয়েকটি ইসলামী ও সমমনা দলের ব্যানারে এসব হামলা হলেও পুলিশ বলছে, এতে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ ইন্ধন ছিল।
ওই ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নায়েবে আমির সাংসদ হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেন ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বারকেও আসামি করা হয়েছে।
