মাহমুদুরের বিরুদ্ধে উস্কানির মামলা
অপপ্রচার চালিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং হামলা-ভাংচুরের অভিযোগে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় পাঁচটি মামলা হয়েছে।
মাহামুদুরকে গ্রেপ্তারের জন্য শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম রয়েছে শাহবাগের আন্দোলনকারীদের।
এসব মামলায় আসামির তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নায়েবে আমির সাংসদ হামিদুর রহমান আজাদ এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেন ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বারসহ সমমনা ১২ ইসলামী দলের শীর্ষ নেতারাও রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান শনিবার শাহবাগ থানায় সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর মিছিল নিয়ে পুলিশের ওপর হামলা, শাহবাগের গনজাগরণে মঞ্চ দখলের চেষ্টা এবং অপপ্রচার চালিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে এসব মামলার আসামিদের বিরুদ্ধে।
এই পাঁচ মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় পাঁচ হাজার লোককে আসামি করা হয়েছে বলে শিবলী নোমান জানান।
শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলের ব্যানারে শাহবাগের জানগরণমঞ্চবিরোধী মিছিল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালানো হয়। চট্টগ্রাম ও সিলেটে জাগরণমঞ্চে ভাংচুর চালায় মিছিলকারীরা। হামলা থেকে বাদ যায়নি সিলেট ও ফেনীর শহীদ মিনারও।
কয়েকটি ইসলামী ও সমমনা দলের ব্যানারে এসব হামলা হলেও পুলিশ বলছে, এতে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ ইন্ধন ছিল। একই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর গণজাগরণ মঞ্চে ফিরে সারা দেশের মানুষকে বিক্ষোভে ডাকেন শাহবাগের আন্দোলনকারীরা। একই সঙ্গে সহিংসতার পেছনে আমার দেশ পত্রিকাকে চিহ্নিত করে এর সম্পাদককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগের এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ইমরান এইচ সরকার শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাগরণ মঞ্চ থেকে বলেন, “আজকের হামলায় উস্কানি দিয়েছে জামায়াত শিবিরের পত্রিকা আমার দেশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সম্পাদক মাহামুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।”
একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের জাগরণ।
এর একাদশ দিনে, গত ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে খুন হন স্থপতি রাজীব। নিজের বাসার সামনে এই ব্লগারকে জবাই করে হত্যা করা হয়।
রাজীব নিয়মিতভাবে ব্লগে লিখতেন ‘থাবা বাবা’ নামে। লেখনীর মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারের দাবি তুলে ধরার পাশাপাশি জামায়াত-শিবিরের স্বরূপ উন্মোচনে সক্রিয় ছিলেন তিনি।
রাজীব খুন হওয়ার পর বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারণা চালানো হয়, তিনি ইসলামের বিরুদ্ধে লিখতেন। শুক্রবারও আমার দেশের প্রধান প্রতিবেদনের শিরোনামে লেখা হয়- ‘ধর্ম ও আদালতের অবমাননা করছে ব্লগারচক্র’।
এর আগেও শাহবাগ আন্দোলন নিয়ে বিভিন্ন উস্কানিমূলক প্রতিবেদন প্রকাশ করা হয় এ পত্রিকায়, যা বানোয়াট বলে দাবি করে আসছে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।
শাহবাগের আন্দোলনকারীরা বৃহস্পতিবার মহাসমাবেশ করে ‘যুদ্ধাপরাধের যুক্ত দল’ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের জন্য ২৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয়। একইসঙ্গে টানা কর্মসুচি থেকে সরে এসে শুক্রবার সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনা ও দোয়া এবং স্বাক্ষর সংগ্রহসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি দেয় তারা।
অন্যদিকে ‘ধর্ম অবমাননাকারী’ ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠনের ব্যানারে সারাদেশে জুমার পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়।
শুক্রবার নামাজের পর এসব সংগঠনের মিছিল থেকেই রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়।
