২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাণ্ডব: রাজধানীতে ১১ মামলা

রাজধানীতে জঙ্গি মিছিল নিয়ে হামলা ও সহিংসতার ঘটনায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীসহ সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের আসামি করে ১১টি মামলা করেছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 07:54 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

পুরনো খবর:

‘সহিংসতা জামায়াতের নেতৃত্বে’
সারাদেশে তাণ্ডবের পর হরতাল

এর মধ্যে পল্টন ও শাহবাগ থানায় চারটি করে এবং রমনা, শেরে বাংলা ও ওয়ারিতে একটি করে মামলা হয়।

সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা শুক্রবার রাতে এসব মামলা দায়ের করেন, যাতে এক হাজারেরও বেশি লোককে আসামি করা হয়েছে।   

শুক্রবার তাণ্ডবের পর শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ ও পল্টন থানার ওসি গোলাম সারওয়ার এ কথা জানান।

পুলিশ কমিশনার বলেন, মসজিদের ভেতরের অবস্থা দেখে তিনি ‘স্তম্ভিত’। শুক্রবার ঘটনার সময় মসজিদের ভেতরে ককটেল ফাটানো হয়েছে। জায়নামাজে আগুন দেয়া হয়েছে। মসজিদের ইট ভেঙে পুলিশ ও সাংবাদিকদের বাঘাত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে পল্টনের ওসি গোলাম সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার থানায় দায়ের করা মামলাগুলোতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা শাহ্ আহমদুল্লাহ আশরাফ

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাসসহ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় এক হাজারেও বেশি লোককে আসামি করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলের ব্যানারে শাহবাগের জানগরণমঞ্চবিরোধী মিছিল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালানো হয়। চট্টগ্রাম ও সিলেটে জাগরণমঞ্চে ভাংচুর চালায় মিছিলকারীরা। হামলা থেকে বাদ যায়নি সিলেট ও ফেনীর শহীদ মিনারও।

কয়েকটি ইসলামী ও সমমনা দলের ব্যানারে এসব হামলা হলেও পুলিশ বলছে, এতে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ ইন্ধন ছিল। একই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। 

রাজধানীতে জুমার নামাজের সময় ইসলামী সংগঠনগুলোর কর্মীরা বায়তুল মোকাররম মসজিদ থেকেই পুলিশের ওপর হামলা শুরু করে। নামাজের পর তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে এগোনোর সময় তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নির্মিত তোরণ ভাংচুর করা হয়।

এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে হামলাকারীরাও বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকে। এ সময় বেশ কিছু হাতবোমাও ফাটানো হয়।

একই সময়ে কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় ‘গণজাগরণবিরোধীরা’। এ সময় চার সাংবাদিক, দুই পুলিশসহ অন্তত ২৩ জন আহত হন।

শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ঘুরে দেখে পুলিশ কমশনার বেনজির আহমেদ বলেন, “বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রাণ ও ধর্মভীরু। কিন্তু আজ মসজিদ পরিদর্শন করে যা দেখলাম তাতে আমি হতভম্ভ।”

“একজন ধর্মভীর ‍মুসলমান কখনো এটা করতে পারে না। এটা চরম নৈরাজ্যকর, অসৎ উদ্দেশ্যে এটা করা হয়েছে।”

এই চক্রটি যাতে ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করতে না পারে সেজন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংঘর্ষের সময় দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে বেনজির আহমেদ বলেন, “পুলিশের ওপর হামলা হলে তা রাষ্ট্রদ্রোহীতার শামিল। আর সাংবাদিকদের ওপর হামলা করে তারা গণতন্ত্র ও দেশের কাঠামোকে নষ্ট করতে চায়।”