২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

রাজধানীর কাফরুলে পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

নিহত জামাল হোসেনের (৩২) বাড়ি ভোলার চরফ্যাশনে। তিনি ঢাকায় প্রাইভেট কার চালাতেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় পূর্ব শেওড়াপাড়ার এক গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামালের শরীরে নয়টি কোপের চিহ্ন রয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, জামাল পুলিশকে বিভিন্ন খবর ও তথ্য দিয়ে সহযোগিতা করতো। এ কারণে সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে।

তবে জামালের ভাগ্নে গিয়াস উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, স্থানীয় সন্ত্রাসী বাচ্চুর সঙ্গে জামালের বিরোধ ছিল। তাকে শেওড়াপাড়ার বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়।

এদিকে রোববার রাত সাড়ে ১২টার দিকে খিলক্ষেত তনু মৃধারোডের বাসন্তিকুঞ্জের একটি ফ্ল্যাট থেকে শেখ মো. ইসমাম (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন জানান, ওই ফ্ল্যাটে শিশুটি তার সৎমা পারভীন আক্তারের সঙ্গে থাকতো। তার বাবা মো. শাহনেওয়াজ সৌদি আরব প্রবাসী।

ওসির ধারণা, সৎমা শিশুটিকে হত্যার পর ওই ফ্ল্যাটে তালা মেরে পালিয়ে যায়। ঘটনা পর থেকে পারভীনকে পাওয়া যাচ্ছে না।

ইসমামের গ্রামের বাড়ি সিলেটের কোতয়ালীতে।

ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।