স্বামীর বাসার সামনে স্ত্রীর আত্মহত্যা
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় স্বামীর বাসার সামনে শরীরে অাগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী।
নিহতের নাম সানজিদা আক্তার (২৯)। তিনি উত্তরার ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষক ছিলেন বলে পুলিশ জানায়।
পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী জাহাঙ্গীর আলম সুমনকে আটক করেছে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসঅাই) সানোয়ার হোসেন জানান, সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিট থেকে সানজিদার দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, রোববার রাতে মিরপুর পাইকপাড়ায় সুমনের বাসার সামনের আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সানজিদা।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সানজিদা ছিলেন সুমনের দ্বিতীয় স্ত্রী। কয়েকদিন ধরে সানজিদার দক্ষিণখানের বাসায় সুমন কোনো খোঁজখবর না নেওয়ায় এ ঘটনা ঘটে বলে পুরিশের ধারণা।
সুমন পাইকপাড়ার বাসায় প্রথম স্ত্রীকে নিয়ে বসবাস করছেন।
