মাঘী পূর্ণিমায় নানা আয়োজন
অনাড়ম্বর পরিবেশে দেশের বৌদ্ধ সম্প্রদায় পালন করছে তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা।
সোমবার সকালে রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে পঞ্চশীল প্রার্থনা, সমবেত প্রার্থনা ও বুদ্ধ পুজার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরো এ অনুষ্ঠান পরিচালনা করছেন।
রাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় হবে সমবেত প্রার্থনা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি একটি ঐতিহাসিক দিন হিসেবেও বিবেচিত।
এই পূর্ণিমা তিথিতেই তথাগত মহামতি গৌতম বুদ্ধ ঘোষণা করেন যে, তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতে দেহত্যাগের মাধ্যমে তিনি মহাপরিনির্বাণ লাভ করবেন।
মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৌদ্ধবিহার ও মঠগুলোতে সংঘদান, প্রব্রজ্যা ও জ্ঞাতী সম্মেলনসহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত বছর সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার রামুর সীমা বৌদ্ধবিহারসহ অন্যান্য বিহারে এবার মাঘী পূর্ণিমায় তেমন কোনো জাঁকজমক নেই।
রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধরা বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, ধ্যান অনুশীলন, বিশ্বশান্তি এবং দেশের শান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনাড়ম্বর পরিবেশে মাঘী পূর্ণিমা উদযাপন করছেন।
