চলচ্চিত্র-টেলিভিশনের উন্নয়নে ইনস্টিটিউট হবে
চলচ্চিত্র শিল্প ও টেলিভিশন অনুষ্ঠানের মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে প্রশিক্ষিত, দক্ষ, যোগ্য নির্মাতা ও কলাকুশলী সৃষ্টিতে এ আইনের মাধ্যমে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হবে।
চলচিত্র ও টেলিভিশন অঙ্গনের কলাকুশলীরা অনেকদিন ধরেই এ ধরনের একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন বলে সচিব উল্লেখ করেন।
এ ইনস্টিটিউটে ১৮ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর প্রধান নির্বাহীকে সরকার নিয়োগ দেবে। সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান এবং পাঁচজন বিশিষ্ট ব্যক্তি এ পর্ষদে থাকবেন।
“এ প্রতিষ্ঠানের জন্য বিধিমালা প্রণয়ন করবে সরকার, আর সার্বিক প্রশাসনিক, আর্থিক, কৌশলগত ও নীতিগত সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠান।”
এ ইনস্টিটিউট প্রশিক্ষণের পর ডিপ্লোমা ও ডিগ্রি দিতে পারবে। এজন্য কোনো একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সংযুক্ত করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিলের প্রধান হবেন একজন শিক্ষক। এছাড়া বিভিন্ন বেসরকারি গণমাধ্যমের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট খাতের ‘বিশিস্ট ব্যক্তিরা’ এই কাউন্সিলে থাকবেনঅ
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে বেলারুশের সঙ্গে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের বিষয়টিও অনুমোদন করা হয়েছে।
এ চুক্তির আওতায় বেলারুশ ও বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা উভয় দেশে ভ্রমণের ক্ষেত্রে ৯০ দিনের জন্য তাৎক্ষণিক (অন এরাইভাল ভিসা) পাবেন।
