২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৪ হাজার বস্তিতে বাসিন্দা ৩৫ লাখ

ঢাকা মহানগরে প্রায় ৩৫ লাখ বস্তিবাসী রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রোববার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে সানজিদা খানমের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, ঢাকা শহরে বস্তির সংখ্যা প্রায় ৪ হাজার এবং বস্তিবাসীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন হতে বস্তিবাসীদের উন্নয়নের জন্য ‘নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প (ইউপিপিআর)’ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশে ৬১টি জেলার ২৭৫টি উপজেলার নলকূপের পানিতে আসের্নিক সনাক্ত হয়েছে (২০০৩ সালের জরিপ)। আর্সেনিক নিয়ন্ত্রন কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া।

সৈয়দ মহসিন আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী ও খুলনা সিটিতে মহানগর কর (সিটি ট্যাক্স)  ধার্য করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে যা, চলতি বছরের (২০১৩ সাল) এপ্রিলের মধ্য শেষ হবে।

সুবিদ আলী ভূইয়ার প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, যাত্রাবাড়ী-সায়েদাবাদ অংশ এবং মহানগরীর সঙ্গে ঢাকা-চট্রগ্রাম সহসড়ক, ঢাকা-মাওয়া মহসড়ক ও ঢাকা ডেমরা মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণাধীন রয়েছে।

“বেসরকারি বিনিয়োগ ফ্লাইওভারের কাজ ৭৪ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ২৬ মার্চ উদ্বোধনের লক্ষ্যে দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে।”