পতাকা হাতে মানুষের ঢল রায়েরবাজারে
সারা দেশে জাগরণমঞ্চবিরোধী হামলা-তাণ্ডবের পরদিন রায়েরবাজার বধ্যভূমিতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসা ছাত্র-জনতার সমাবেশ শুরু করেছে।
শনিবার বিকাল তিনটা ৩৫ মিনিটে জাতীয় সঙ্গীতের ভিতর দিয়ে এই সমাবেশ শুরু হয়।
এর আগে দলে দলে মানুষ পতাকা হাতে বধ্যভূমি এলাকায় সমাবেশে যোগ দিতে আসে।
সমাবেশ শুরুর আগেই গোটা এলাকা মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে প্রতিবাদী গান, কবিতা আর স্লোগাণে মুখরিত হয়ে ওঠে।
শনিবার উনবিংশতম দিনে গড়িয়েছে শাহবাগের এ আন্দোলন।
শুক্রবার সকাল থেকে কিছুটা ঢিলেঢালাভাবে কর্মসূচি চললেও দুপুরে জুমার নামাজের পর সারাদেশে কয়েকটি ইসলামী দলের তাণ্ডবের পর সন্ধ্যায় আবার উত্তাল হয় শাহবাগ। সারারাত ধরে চলে স্লোগান।
শনিবার সকালে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ যোগ দিতে থাকেন বিক্ষোভে। অন্যান্য দিনের মতোই ইউনিফর্ম পরা স্কুল-কলেজের শিক্ষার্থীরাও দল বেঁধে শাহবাগে আসে। মূল মঞ্চের মাইক বন্ধ থাকলেও মুখে মুথে স্লোগানে অংশ নেন শত শত মানুষ।
যুদ্ধাপরাধীদের সরোচ্চ সাজা ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রজন্ম চত্তরেই মিডিয়া সেলে চলছে গণস্বাক্ষর অভিযান। সকাল থেকেই শত শত মানুষ স্বাক্ষর করছেন সেখানে।
পুর্বঘোষিত কর্সূচি অনুযায়ী শনিবার বিকেল ৩টায় রায়েরবাজার বধ্যভূমিতে সমাবেশ হবে। সেখানে জাতীয় পতাকা হাতে দেশকে যুদ্ধাপরাধীমুক্ত করতে শপথ নেওয়া হবে। সারাদেশে একইভাবে পতাকা হাতে শপথ নেয়ার জন্য জাগরণ মঞ্চের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শাহবাগের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রজন্ম চত্বর থেকে বিভিন্ন সংগঠন মিছিল নিয়ে রায়েরবাজারে সমাবেশ যোগ দেবে। রায়েরবাজার থেকে ফিরে আগের মতোই শ্লোগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে প্রজন্ম চত্বরে।
