২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা অগ্রাহ্য করে জমজমাট বইমেলা

শুক্রবার জুমার নামাযের পর রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতা উপেক্ষা করে বিকালের মধ্যে জমে উঠে একুশের বইমেলা। সন্ধ্যা নাগাদ মেলা প্রাঙ্গণে ছিল উপচেপড়া ভিড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 06:24 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

মেলায় আসা দর্শনার্থীরা দল বেঁধে ঘুরে বেড়ানোর পাশাপাশি কিনেছেন পছন্দের নতুন বই। তবে প্রকাশকরা বলছেন, এবারের মেলায় তাদের আশানুরূপ বিক্রি হচ্ছে না। 

‘ধর্ম অবমাননাকারী’ ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠনের ব্যানারে সারাদেশে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়।

সে অনুযায়ী শুক্রবার নামাজের পর এসব সংগঠনের মিছিল থেকে রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। হামলা-সংঘর্ষ হয় চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায়।

চট্টগ্রাম ও রাজশাহীতে হামলা ও ভাংচুর করা হয় স্থানীয় সংহতি মঞ্চ। সিলেটের শহীদ মিনারে আগুন দেয় মিছিলকারীরা।

পুলিশ বলছে, ইসলামী ১২ দলের কর্মসূচিকে ব্যবহার করে জামায়াতে ইসলামী কর্মীরা এই সহিংসতা চালিয়ে থাকতে পারে।

বিকাল চারটায় কথা হয় কাজীপাড়া থেকে বইমেলায় আসা মাশুক রহমানের সঙ্গে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার মেলায় এসেছি হাতে গোনা কয়েকদিন। তবে আজ [শুক্রবার] মেলায় এসেছি শুধুই বই কিনতে। এবার মেলায় আসা নতুন বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা করেছি। আজ তালিকার বইগুলোই কিনছি।”

এদিকে অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তিনাথ বলেন, “এবারের বইমেলা শুরু থেকে নানাবিধ কারণে জমে ওঠেনি। তবে একুশে ফেব্রুয়ারিতে বইমেলায় যে জনসমাগম ছিলো, তাতে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু শুক্রবার প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর আক্রমণে রাজধানী অচল হয়ে পড়ে। কিন্তু তারপরও পাঠক মেলায় এসেছেন, বই কিনেছেন। এটা আনন্দের বিষয়।”

অবসর প্রকাশনা সংস্থার ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, “বাঙালিকে কখনো রুখে দেওয়া সম্ভব নয়। সেজন্য তারা এমন তা-বের মাঝেও মেলায় এসেছেন ও বই কিনেছেন।”

এদিন সকাল থেকেই বইপ্রেমীদের জন্য উন্মুক্ত করা হয় বইমেলার দ্বার। এর আগে অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের সঙ্গীত প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব। এরপর থেকে শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো বাংলা একাডেমী প্রাঙ্গণ।

এবার মেলার শেষ শিশুপ্রহরের দিন শিশুচত্বরসহ মেলা প্রাঙ্গণ শিশু-কিশোরদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে। আগের তিন শিশু প্রহরের মতো এদিনও জমে ওঠে। তবে মেলার শেষ শুক্রবার হওয়ায় শিশুদের তুলনায় বড়দের ভিড় ছিলো লক্ষণীয়। শিশুরাও সকালের হালকা ভিড়ের মেলায় মনের আনন্দে ঘুরে-ফিরে নিজেদের প্রিয় বইগুলো কিনেছে।

মেলায় এসেছিলো এগারো বছরের পুষ্প। সে কিনেছে মুহম্মদ জাফর ইকবালের লেখা এবারের মেলায় আসা বই ‘গাব্বু’। তার মতে, মেলায় শুধু ভূতের বই। কিন্তু এধরণের বই তার ভালো লাগে না। সে অ্যাডভেঞ্চারধর্মী ও বিজ্ঞান বিষয়ক বই পছন্দ করে।

পুষ্প বলে, “অনেকেই ভূতের বই পছন্দ করলেও, আমার এসব ভালো লাগে না। আমি বড় হয়ে বিজ্ঞানী হব। বিজ্ঞানের বই আমরা পচ্ছন্দ। তবে এবারের বইমেলায় সেধরনের কোন বই পেলাম না। তাই জাফর ইকবাল স্যারের ‘গাব্বু’ কিনলাম।”

বইয়ের মোড়ক উন্মোচন

শুক্রবার মেলার নজরুল মঞ্চে ১২টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান উন্মোচন করেন আগামী প্রকাশনী থেকে প্রকাশিত শেখ হাফিজুর রহমানের দুইটি কাব্যগ্রন্থ ‘আমি ও বনলতা সেন’ ও ‘হঠাৎ ফিরে দেখা’।

এছাড়া তথ্যকেন্দ্রের স্টলের সামনে মোড়ক উন্মোচন করা হয় শাইখ সিরাজের কৃষিবিষয়ক গ্রন্থ ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ ও মাজহারুল ইসলাম সম্পাদিত ‘ডেলিসিয়াস ডেজার্ট’ ও পবিত্র সরকারের বই ‘ঢাকার টুকিটাকি’র। মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।

আগামী প্রকাশনী প্রকাশ করেছে তসলিমা নাসরিনের চারটি বই। ‘ব্রক্ষ্মপুত্রের পাড়ে’, ‘নারীর কোন দেশ নেই’, ‘নষ্ট মেয়ের নষ্ট গদ্য’ ও ‘যাবো না কেন যাবো’। সন্ধ্যা সাতটায় মেলার নজরুল মঞ্চে  প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বইগুলোর মোড়ক উন্মোচন করেন। এ সময় আগামী প্রকাশনীর ওসমান গনি উপস্থিত ছিলেন।

নতুন বই

বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এদিন মেলার ২২তম দিনের প্রকাশিত হয়েছে ১৬৮ টি নতুন বই।

এর মধ্যে গল্পের বই ২১টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ১৫টি, কাব্যগ্রন্থ ৫৩টি, গবেষণাগ্রন্থ ২টি, ছড়ার বই ১৩টি, শিশুতোষ ৫টি, জীবনীগ্রন্থ ২টি, রচনাবলী ২টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ৪টি, নাটক ৩টি, বিজ্ঞান াবষয়ে ১টি, ভ্রমণকাহিনী ২টি, ইতিহাস বিষয়ক ৩টি, রাজনীতি বিষয়ে  ১টি, চিকিৎসা/স্বাস্থ্য বিষয়ে ৩টি, রম্য/ধাঁধা বিষয়ক ৬টি, ধর্ম বিষয়ক ১টি, অনুবাদগ্রন্থ ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য বিষয়ের উপর ৯টি বই।

এর মধ্যে অনন্যা এনেছে মুনতাসীর মামুনের ‘ঢাকার সেই সব বিখ্যাত মানুষ’ ও ইমদাদুল হক মিলনের ‘পঞ্চাশটি প্রেমের গল্প’, মাওলা ব্রাদার্স এনেছে শামসুজ্জামান খানের ‘বাংলাদেশের উৎসব’, পালক এনেছে বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের ‘নির্বাচন কমিশনে ৫ বছর (২০০৭-২০১২)’ ও ফোরকান আহমেদের ‘সত্য চির সুন্দর’, বেঙ্গল পাবলিকেশন এনেছে কাবেরী গায়েনের ‘মুক্তিযুদ্ধে চলচ্চিত্রে নারী-নির্মাণ’, অ্যাডর্ন বের করেছে গাউসুর রহমানের ‘আল মাহমুদের কবিতার বিষয় আশয়’, নালন্দা এনেছে সালমা বিশ্বাসের ‘চপলার চোখে আকাশগঙ্গা’, সাহিত্যদেশ প্রকাশ করেছে ‘স্বাধীন স্বাধীন স্বপ্নগুলো’, ‘শব্দরম্য’, আগামী প্রকাশনী এনেছে অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর ‘মুখের ক্যান্সার’, বিভাস এনেছে সুকুমার রায়ের ‘নাটক’, রাম শংকর দেবনাথ-এর ‘এক ডজন হরর গল্প’, সুনীল গঙ্গোপাধ্যায়-এর ‘কবিতার জন্য সারা পৃথিবী’ ও ‘পাঁচটি প্রেমের উপন্যাস’, শব্দশৈলী এনেছে মেজর কামরুল হাসান ভূঁইয়ার ‘মুক্তিযুদ্ধে শিশু কিশোরদের অবদান’ ও আমীরুল ইসলামের ‘কোনালের বাবাবন্ধু ও অন্যান্য গল্প’ প্রভৃতি।

মূল মঞ্চের আয়োজন

শুক্রবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বামী বিবেকানন্দ ও বাংলা সাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক-গবেষক সৈয়দ আবুল মকসুদ। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী এবং লেখক নুরুল করিম নাসিম। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম।

সন্ধ্যায় মামুনুর রশীদের পরিচালনায় আরণ্যক নাট্যদল ‘নাটক’ এর মঞ্চায়ন করে। শুভাশীষ সিন্হার পরিচালনায় ‘মনিপুরী সাংস্কৃতিক সংগঠন’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শনিবারের আয়োজন

শনিবার সকালে অমর একুশে উপলক্ষে আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্কন, সঙ্গীত, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

বিকেলে ‘দাঙ্গায় শহিদ আমীর হোসেন চৌধুরী ও তাঁর সৃষ্টি’ এবং ‘প্রজেশ কুমার রায় : স্বল্পজ্ঞাত শহিদ কবি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন আমিনুর রহমান সুলতান ও তপন বাগচী। অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন সালেহ চৌধুরী, শফি আহমেদ ও নাসির আহমেদ।