২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার পর গণজাগরণ মঞ্চে ফিরলো চট্টগ্রামবাসী

কয়েকটি ইসলামী সংগঠনের কর্মীদের হামলা-ভাংচুরের পর চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে আবার ফিরে এসেছেন আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণজারণ মঞ্চের সমাবেশে জড়ো হয় সর্বস্তরের শত শত মানুষ।

তারা জুমার নামাজের পর নগরীতে ‘জামায়াত-শিবিরের হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

চট্টগ্রামে জুমার নামাজের পর শাহবাগের ‘গণজাগরণ মঞ্চবিরোধী’ স্লোগান দিয়ে মিছিল করে সাংবাদিক, গণজাগরণ মঞ্চ ও প্রেস ক্লাবে হামলা চালায় কয়েকটি ইসলামী সংগঠনের কর্মীরা।

 মিছিলকারীরা গণজাগরণ মঞ্চে থাকা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং সেখানে থাকা বিভিন্ন ব্যানার জড়ো করে আগুন লাগিয়ে দেয়।

বিকালে নানা শ্রেণি-পেশার মানুষ সারাদেশসহ চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানায়।

এ সময় তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেয়।

সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।