২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা একুশে হল ও এশিয়াটিক সোসাইটিতেও

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও এশিয়াটিক সোসাইটি ভবনে হামলা চালিয়েছে শাহবাগের গণজাগরণবিরোধীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 01:15 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

দুপুর ২টার দিকে একুশে হলে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এশিয়াটিক সোসাইটির জানালা ভাঙচুর করে তারা। 

একুশে হলের আবাসিক শিক্ষার্থী ইসমাইল হোসেন সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলায় ইটের আঘাতে ২০ জন আহত হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আল-আমিন ও আইআইটির ছাত্র হৃদয়কে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

ইকবাল জানান, বায়তুল মোকাররম মসজিদ, চানখাররপুল ও লালবাগের ছাতা মসজিদ এলাকা পৃথক মিছিল নিয়ে জামায়াত-শিবির কর্মীরা হামলা চালায়। ওই সময় কয়েকটি হাতবোমাও ফাঁটায় তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪ হামলাকারীকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে।

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনকারীরা শুক্রবার সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনা ও দোয়ার কর্মসূচি দেয়ার পর ‘ধর্ম অবমাননাকারী’ ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠনের ব্যানারে সারাদেশে জুমার পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়।

জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে শাহবাগের গণজাগরণবিরোধীরা, যার পেছনে জামায়াতের ইন্ধন দেখছে পুলিশ।

হামলা-সংঘর্ষের খবর পাওয়া গেছে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকেও। চট্টগ্রাম ও সিলেটে জাগরণমঞ্চে হামলা হয়েছে। সিলেটে ভাংচুর করা হয়েছে শহীদ মিনার। হামলার অন্যতম লক্ষ ছিলেন সংবাদ কর্মীরাও।    

ইসলামী ১২ দলের কর্মসূচিকে ব্যবহার করে জামায়াতে ইসলামী কর্মীরা এই সহিংসতা চালিয়ে থাকতে পারে ধারণা করছে পুলিশ।