২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেয়াল’ কিনতে লাইন

“হুমায়ূন আহমেদ রচিত শেষ বই এটি। স্যারের শেষ স্মৃতিকে সংরক্ষণ করতে চাই। এজন্যই বইটি কিনলাম।”

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

‘দেয়াল’ হাতে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী সিলভিয়া আফরোজ বলেন এই কথা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বইটি কেনার জন্য আমি ময়মনসিংহ থেকে এসেছি। স্যার আমার প্রিয় লেখক।”

সিলভিয়ার মত অনেকেই লাইনে দাঁড়িয়ে ‘দেয়াল’ কিনছেন বইমেলায় অন্যপ্রকাশের স্টল থেকে।

অন্যপ্রকাশের বিক্রয় কর্মকর্তা মোজাম্মেল হক শিশির বলেন, “বিকাল ৩টায় মেলা খোলার পর থেকেই আমাদের স্টলে প্রচুর ভিড়।”

২০১২-এর ১৯ জুলাই মারা যান দেশের জনপ্রিয়তম ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ।

দুই শতাধিক উপন্যাস লিখে গেছেন তিনি, এর মধ্যে অপ্রকাশিত ছিল ‘দেয়াল’।

‘দেয়াল’ ২০১২ সালের বইমেলায় প্রকাশের কথা ছিল; কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউ ইয়র্কে চিকিৎসাধীন থাকায় তা আর সম্ভব হয়নি।

এরপর মে মাসে তিনি দেশে ফিরলে উপন্যাসটির দুটি অনুচ্ছেদের বিষয়ে হাই কোর্ট আপত্তি করে। আদালতের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ওই অংশ সংশোধন করেন তিনি।

Image
হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে শোক পালন

হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে শোক পালন

বুধবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত উপন্যাস ‘দেয়াল’।

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বইটির শুরু হয়েছে এই ভাবে- ‘ভাদ্র মাসের সন্ধ্যা। আকাশে মেঘ আছে। লালচে রঙের মেঘ। যে মেঘে বৃষ্টি হয় না, তবে দেখায় অপূর্ব। এই গাঢ় লাল, এই হালকা হলুদ, আবার চোখের নিমিষে লালের সঙ্গে খয়েরি মিশে সম্পূর্ণ অন্য রঙ। রঙের খেলা যিনি খেলছেন, মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন।”

প্রয়াত লেখকের ঘনিষ্ঠজনরা জানান, ২০১১ সালের মাঝামাঝিতে ‘দেয়াল’ রচনা শুরু হয়।

ওই সময় উপন্যাসের পাঁচটি পর্ব ধারাবাহিকভাবে পাক্ষিক ‘অন্যদিন’  এ প্রকাশিতও হয়।

বইটির প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, “হুমায়ূন স্যার, আদালতের নির্দেশে সংশোধনী এনেছিলেন। কিন্তু যে বইটি প্রকাশিত হয়েছে, সেটা তার কাঙ্ক্ষিত সমাপ্তি নয়। তিনি এর শেষ দৃশ্য ভিন্নভাবে করতে চেয়েছিলেন। কিন্তু সে সুযোগ তিনি পাননি।”

‘দেয়াল’ উপন্যাসটি ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা হয়েছে। এর সমাপ্তি টানা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সপরিবারের নিহত হওয়ার মধ্য দিয়ে।

মাজহার বলেন, “বইটির একসঙ্গে দুটি সংস্করণ ছাপা হয়েছে। পাঁচ হাজার করে মোট ১০ হাজার বই ছাপা হয়েছে। আরো বই ছাপানোর কাজ চলছে।”

১৯৮ পৃষ্ঠার এই বইটির প্রচ্ছদ এঁকেছেন মাসুম রহমান। এর দাম রাখা হয়েছে ৩৮০ টাকা।

মেলাজুড়ে একুশের আবহ

বৃহস্পতিবার একুশে ফেব্রুয়ারি। বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের উজ্জ্বলতম একটি দিন।

বাহান্নোর ভাষা আন্দোলন পূর্ণতা পায় একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে, পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয় দেশ।

বুধবার মেলাজুড়ে দেখা যায় সর্বত্র একুশের আবহ। মেলায় আগত ক্রেতা দর্শনার্থীর পোশাক থেকে শুরু করে বই কেনার তালিকা, শরীরে আঁকা আল্পনা, মেলা মাঠের সাজসজ্জা সবখানেই ছিল একুশের ছাপ। বুধবার ও তার আগের কয়েক দিন থেকে একুশ ও ভাষা আন্দোলন বিষয়ক বই বেশ বিক্রি হয়েছে বলে জানালেন প্রকাশকরা।

বৃহস্পতিবার মেলার দ্বার খুলবে সকাল ৮টায়। প্রকাশকরা আশা করছেন, এরপর থেকেই মেলায় থাকবে মানুষের ঢল। মেলার দ্বার বন্ধ হবে রাত ৯টায়।

নজরুল মঞ্চের চিত্র

বুধবার মেলার বিশতম দিনে মেলার নজরুল মঞ্চে আটটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।

এর মধ্যে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূলের উপন্যাস ‘হৃদয়দানিতে শ্বেত অপরাজিতা’ মোড়ক উন্মোচন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসিরউদ্দিন ইউসুফ এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

শুভ্রপ্রকাশ থেকে প্রকাশিত মাসুম আওয়ালের ‘জটাকবিরাজ ও ভূতুড়ে বটগাছ’ ও তাহের সিদ্দিকীর ‘তেলাপোকার শহরে নির্বাক প্রজাপতি’ বই দুইটির মোড়ক উন্মোচন করেন কার্টুনিস্ট আহসান হাবীব।

অধ্যাপক আনিসুজ্জামান উন্মোচন করেন চয়ন প্রকাশন থেকে আসা ওয়াসিম হকের ‘ছড়া আমার ছড়িয়ে দিলেম’ বইটির।

নতুন বই

একাডেমীর সম্বনয়ক ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বুধবার মেলায় ৮৩টি নতুন বই এসেছে।

এর মধ্যে গল্প ৯টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ৬টি, কবিতা ২২টি, গবেষণা ১টি, ছড়া ৭টি, শিশুতোষ ১টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধ ১, বিজ্ঞান ১টি, ভ্রমণ ২টি, ইতিহাস ২, রাজনীতি ১, কম্পিউটার ১টি, ধর্মীয় ১টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য বিষয়ের উপর এসেছে ৬টি নতুন বই।

জয়তী এনেছে আবদুল গাফফার চৌধুরীর ‘ছায়া সঙ্গিনী’, কাফি কামালের ‘কন্যাযাত্রী’ ও ‘কুতুব মিনার থেকে কন্যাকুমারী’, জাগৃতি এনেছে  জেমরিনা হকের ‘ম্যাঁও’, বিদ্যাপ্রকাশ ওমর বিশ্বাসের ‘উৎসুক কম্পার্টমেন্ট’, জুলফিয়া ইসলামের ‘মধ্য গগন’, পারিজাত প্রকাশনী এনেছে নাজমুল হক তপনের ‘বুন বুন বেগুনি’, আদর্শ এনেছে আশরাফুল হকের ‘ফেসবুকে রবীন্দ্রনাথ’, আগামী প্রকাশনী রফিকুল হকের ‘বর্গী এলো দেশে’, শিমিন শাহরিনের ‘মুখোশের অন্তরালে’, সূচীপত্র আইয়ুব হোসেনের ‘আরজু আলী মাতব্বর জীবন ও দর্শন, আবু করিমের ‘চালধোঁয়া সিদ্ধ হাত’, বিভাস এনেছে  ফাদার মারিনো রিগনের ‘রবীন্দ্রনাথ ও নারী’, বিপাশা মন্ডলের ‘এক কুড়ি ভূতের গল্প’, শুদ্ধস্বর গৌতম রায়ের ‘বাংলাদেশের শিক্ষা ও সমসাময়িক ভাবনা’ অন্যতম।

মূল মঞ্চের অনুষ্ঠান

বুধবার বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের ফোকলোর চর্চার আধুনিকায়নের সমস্যা’ এবং ‘বিজয় সরকারের কবিমানস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শাহিনুর রহমান এবং অধ্যাপক দিব্যদ্যুতি সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমদ, অধ্যাপক সুশান্ত সরকার, অধ্যাপক সুরঞ্জন রায় এবং পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীমানন্দ গঙ্গোপাধ্যায়। সভাপতিত্ব করেন শামসুজ্জামান খান।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী বিশ্বজিৎ রায়, মৃত্যুঞ্জয় রায়, খগেন্দ্রনাথ সরকার, বীনা মজুমদার, এনামুল হক, প্রতুল হাজরা ও জান্নাতে ফেরদৌসী।

বৃহস্পতিবারের আয়োজন

অমর একুশে উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। এর সভাপতিত্ব করবেন কবি আসাদ চৌধূরী। বিকালে ‘অমর একুশে বক্তৃতা’ দেবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। একাডেমীর সভাপতি ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখবেন মহাপরিচালক শামসুজ্জামান খান।