‘জাগরণ মঞ্চ’ ভাংচুরের অভিযোগে ছাত্রদল নেতা আটক
মাদারীপুরে ‘প্রজন্ম চত্ত্বরের’ মঞ্চ ভাংচুর ও হত্যার হুমকি দেয়ায় পৌর ছাত্রদল সভাপতিকে আটক করেছে পুলিশ।
শাহবাগে ‘প্রজন্ম চত্বরের’ গণআন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শহরের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত কর্মসূচি চলাকালে পৌর ছাত্রদল সভাপতি কাজী আজিজুল হক ও তার দল সেখানে হামলা করে বলে অভিযোগ করেন উপস্থিত সংস্কৃতি কর্মীরা।
মাদারীপুরের আবৃত্তি সংগঠন মাত্রার সভাপতি ইয়াকুব খান শিশির বলেন, ছাত্রদলের একটি গ্রুপ মোটরসাইকেলে করে এসে মঞ্চ ভাঙচুর ও আন্দোলকারীদের হত্যার হুমকি দেয়ায় থানায় অভিযোগ করা হয়।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে তাত্ক্ষণিকভাবে সদর থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকেই আজিজুল হককে আটক করা হয়।
যুদ্ধপরাধীদের ফাঁসির দাবিতে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনের প্রজন্ম চত্ত্বরে ১৫ দিন ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, গণসংগীত, মুক্তিযুদ্ধের গান ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্রসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
এতে জেলার সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীসহ সাধারণ মানুষ অংশ গ্রহণ করছে।
