২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসে আগুন: মামলা ৩, গ্রেপ্তার ৫

হরতাল চলাকালে সোমবার গাজীপুরে বাস পোড়ানোর ঘটনায় তিনটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

একইদিন রাতে জয়দেবপুর থানায় দুইটি এবং টঙ্গী থানায় একটি মামলায় মোট ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

জয়দেবপুর থানার একটি মামলায় চারজন এবং টঙ্গী থানার মামলায় একজন জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়কে বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) আক্রাম হোসেন।

এতে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরো বলেন, একইদিন সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সদরের নলজানী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চৌরাস্তা-গাজীপুর সড়কে বলাকা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেন এসআই জহিরুল ইসলাম।

এ মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা বানু বলেন, সোমবার দুপুরে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় মাছিমপুর এলাকার ইদ্রিস আলী বাদী হয়ে অপর মামলাটি করেন।

এতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে মঙ্গলবার দুপুরে টঙ্গীর বাস্তুহারা এলাকা থেকে তাজুল ইসলাম নামে এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।