২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমএসসি কোর্স চালুর জন্য নতুন নার্সিং কলেজ’

উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আগামী চার বছরে দুইশ ২০জন নার্সকে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।

ফজিলানুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রতি বছর ৫০ জন করে আগামী চার বছরে ২০০ জন নার্সকে এমএসসি ইন নার্সিং কোর্স এবং প্রতি বছর পাঁচ জন করে চার বছরে ২০ জনকে পিএইচডি ইন নাসিং কোর্সে অধ্যয়নের জন্য বিদেশ পাঠানো হবে।

একই সংগে এমএসসি কোর্সের জন্য শেরে বাংলানগরে নতুন নার্সিং কলেজ প্রতিষ্ঠা করে আগামী বছর তা চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরো জানান, রেজিস্টার্ড গ্রাজুয়েট নার্সের সংখ্যা বাড়াতে ১৫টি নার্সিং ইন্সটিটিউটকে কলেজে রূপান্তর এবং ৭টি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হবে।

সাধনা হালদারের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে সরকার অনুমোদিত বেসরকারি ব্লাড ব্যাংকের সংখ্যা ৭০টি। এরমধ্যে ৫২টি রয়েছে রাজধানীতে। যেসব ব্লাড ব্যাংকের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ রয়েছে সেগুলোকে তদন্ত সাপেক্ষে বন্ধ করা হবে।

মংলায় ড্রেজিং

নূর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, জটিলতার কারণে ১২৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবার এলাকায় ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না।

জটিলতার কারণ তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, এসব জটিলতা নিরসন করে শিগগির প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে।

বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।