শাহবাগে অসুস্থ হয়ে কার্টুনিস্টের মৃত্যু
শাহবাগে প্রজন্ম চত্বরে অসুস্থ হয়ে তরিকুল ইসলাম শান্ত নামে এক কার্টুনিস্টের মৃত্যু হয়েছে। কার্টুন আঁকার পাশাপাশি তিনি ছিলেন ব্লগার, নাট্যকার ও পরিচালক।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলনের শুরুতেই তরিকুল এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে নিয়ে আসার পর ৩টা ৫০ মিনিটে তরিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সম্ভবত তিনি স্পটেই মারা গেছেন।”
তার সহকর্মী রিপন রাফি বলেন, “দুপুর ৩টার দিকে মিছিল নিয়ে কয়েকজন পরিচালক-শিল্পীসহ আমরা চত্ত্বরের ভেতর ঢুকে বসি। বসার পর আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে শান্ত ভাই বেশ অসুস্থ হয়ে পড়েন। আমরা সবাই মিলে তাকে নিয়ে হাসপাতালে যাই। সেখানেই তার মৃত্যু হয়।”
কার্টুন আঁকার পাশাপাশি তিনি নাটক পরিচালনা ও প্রযোজনা করেছেন বলেও জানান রিপন। লেখালেখি করতেন।
তার পরিচালিত শেষ নাটক ‘একজন ভালোমানুষের গল্প’ প্রচারিত হয় বিটিভিতে গত ঈদ-উল-আযহায়।
এছাড়া প্রথম টেলিফিল্মটি নির্মাণ করেন যুদ্ধাপরাধ বিষয়ে। ‘ঘরে ঘরে দূর্গ’ নামে টেলিফিল্মটি বিটিভিতে প্রচারিত হয় ৩১ জুলাই ২০১০ সালে।
এ পর্যন্ত সিন্দাবাদের ভূত, এক ডজন গোয়েন্দা গল্প, খুকুর ছড়া, খোকার ছড়া, কবিতায় তুমি নামে বেশকিছু গ্রন্থ প্রকাশ করেছেন শান্ত।
তিনি রম্য ম্যাগাজিন উন্মাদ-এ কাজ করতেন।
শান্তর মৃত্যুতে ৫টা ৫৯ মিনিট থেকে এক মিনিট নীরবতা পালন করেছে গণজাগরণ মঞ্চে উপস্থিত আন্দোলনকারীরা।
তরিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।
গণজাগরণ আন্দোলনের লক্ষ্য অর্জনে তরিকুল প্রেরণা হিসেবে কাজ করবেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে জাগাতে তার অবদান জাতি স্মরণ করবে।
