২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ শিবির নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতিরোধের মুখে সকাল-সন্ধ্যা হরতালে বন্দরনগরী চট্টগ্রামে মাঠে ছিল না জামায়াত-শিবিরের নেতা কর্মীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 12:35 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

এদিকে বিচ্ছিন্নভাবে নগরীর কয়েকটি স্থানে তান্ডবের চেষ্টা করে জনতা ও পুলিশের ধাওয়া খেয়ে পালাতে বাধ্য হয় যুদ্ধাপরাধের অভিযোগে নিষিদ্ধের দাবি ওঠা এ সংগঠনের কর্মীরা।

আটক শীর্ষ নেতাদের মুক্তি এবং ট্রাইব্যুনাল বাতিদের দাবিতে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী। তবে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এ দলটির কর্মসূচি প্রত্যাখ্যান করে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে।

সকালে চট্টগ্রামের শিবির নিয়ন্ত্রিত হাজী মুহাম্মদ মহসীন কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি নাছির উদ্দিন এবং মো. রাশেদ নামে দুই শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

হরতালে নগরীর মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। দূর পাল্লার বাস কম ছেড়ে গেলেও শহর থেকে বিভিন্ন উপজেলাগামী যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

এছাড়া গণ পরিবহনের সংখ্যা ছিল চোখে পড়ার মত এবং বেলা বাড়ার সাথে সাথে ব্যক্তিগত গাড়িও শহরে চলতে দেখা গেছে।

নগরীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ছিল স্বাভাবিক এবং সরকারি-বেসরকারি অফিস আদালতে কাজ চলেছে। চট্টগ্রাম বন্দর ও সিইপিজেড-এ সব কারখানায় কার্যক্রম অব্যাহত ছিল, হরতালের কোনো প্রভাবই পড়েনি।  

জামায়াত-শিবির কর্মীরা সকালে নগরীর কয়েকটি স্থানে ঝটিকা মিছিল, টায়ার জ্বালিয়ে ও পটকার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলেও এর কোনো প্রভাবই পড়েনি।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ডিসি হিল এলাকায় টায়ারে আগুন ও পটকার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দেওয়ান বাজার এলাকা থেকে মোটর সাইকেলসহ নাছির ও রাশেদকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, হরতাল চলাকালে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কাছে মুখোশ পরে গাড়ি ভাংচুরের চেষ্টাকালে তিন শিবিরকর্মীকে আটক করা হয় বলে জানান থানার ওসি সামিউল আলম।