জাবিতে বহিরাগত শিবিরকর্মী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক বহিরাগত শিবিরকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
এ সময় সন্দেহজনক আচরণের জন্য আটক করে শিক্ষার্থীরা তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ছাত্র ইউনিয়ন কর্মী তামজিদা তুবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে মিছিলে অংশগ্রহণকারীদের আলাদা আলাদা ছবি তুলতে থাকলে আমাদের সন্দেহ হয়। পরে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাই।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে খবর দিয়েছি। তারা তাকে যথাযত জিজ্ঞাসাবাদ করবে।”
রবিউলের দুটি মোবাইল ফোনের কললিস্টে থাকা নম্বরগুলোতে ফোন করে তার শিবির সংশ্লিষ্টতা নিশ্চিত করা হওয়া গেছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর আওলাদ হোসেন।
তিনি জানান, রবিউল ইসলাম ওরফে রুবেল শেখের মোবাইল ফোনে গোলাম আযমের বক্তব্যের ভিডিও ক্লিপ, আল জাজিরার সংবাদের ক্লিপ পাওয়া গেছে।
পকেট ও ওয়ালেটে তল্লাশি চালিয়ে খুলনা বিএল কলেজ ও খুলনা দৌলতপুর (দিবা-নৈশ) কলেজের দুটি পরিচয়পত্র পাওয়া গেছে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে রুবেলের নাম শাওন রুবেল।
তার ফেইসবুক পাতা থেকে দেখা যায়, সব ট্যাগ ও স্ট্যাটাস মানবতাবিরোধী অপরাধের বিচার বিরোধী ও জামায়াত-শিবিরপন্থী।
ফেইসবুকে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ‘কুত্তা জাফর, ‘সাইদীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এবং শাহবাগের প্রজন্ম চত্ত্বর নিয়ে বিতর্কিত লেখাও পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে রুবেল রোববার ভোরে সাভারে খালাত বোনের বাসায় ওঠার কথা জানালেও জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আসার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।
সহকারী প্রক্টর আওলাদ হোসেন বলেন, প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদে রুবেল নিজেকে শিবির কর্মী স্বীকার না করলেও স্ববিরোধী কথা বলতে থাকে।
বিকেল ৫টায় তাকে সাংবাদিকদের মুখোমুখি করা হলে সে নিজেকে নির্দোষ দাবি করেন।
প্রক্টর সোহেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করা হবে।
রবিউল দাবি করেছে, তার গ্রামের বাড়ি খুলনার খানজাহান আলী থানার শিরোমণি এলাকায়।
