২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হরতালে সহিংসতা, নিহত ১

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সময় কুমিল্লায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা প্রিতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 08:19 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীমকে (২৪) শিবিরকর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতের নেতারা। তার বাড়ি উপজেলার আনন্দপুর গ্রামে।

ট্রাইব্যুনাল ভেঙে দেয়া ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। তবে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই দলের হরতাল প্রত্যাখ্যানের ঘোষণা এসেছে সমাজের বিভিন্ন অংশ থেকে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে জামায়াত-শিবির কর্মীরা আমজাদের বাজার এলাকায় ব্যাপক হামলা, ভাংচুর ও সহিংসতা চালায়।

খবর পেয়ে পুলিশ সেখানে গেলে হরতালকারীরা আরো বেপরোয়া হয়ে পুলিশের উপর হামলা করে। এক পর্যায়ে পুলিশ ‘আত্মরক্ষার জন্য’ পাল্টা গুলি করতে বাধ্য হয় বলে জানান ওসি।

“তখন তিন জন গুলিবিদ্ধ হন। তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন । তার লাশ চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে।”

এছাড়া উপজেলার লুদিয়ারা গ্রামের মকবুল আহমেদের ছেলে নাঈমুল ইসলাম মুরাদ (২৩) ও দুর্গাপুর গ্রামের কবির আহমেদের ছেলে এনায়েত হোসেনকে (২৪) গুলিবিদ্ধ অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মিজানুর রহমান জানান, জামায়াত-শিবির কর্মীরা পিকেটিং করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। এতে ইসলামী ছাত্র শিবিরের কর্মী ইব্রাহীম নিহত হয়।

এ সময় আরো অন্তত ১০ জন আহত হন বলে দাবি করেন এই জামায়াত নেতা।

ভোর থেকেই পিকেটিং ও ঝটিকা মিছিলের মধ্য দিয়ে কুমিল্লায় হরতাল পিকেটিং শুরু করে জামায়াত শিবির কর্মীরা। সকালে কুমিল্লা নগরীর লাকসাম রোডের মনোহরপুর মোড়ে শিবিরকর্মীরা মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ সময় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানিয়েছে, নাশকতার আশঙ্কায় রোববার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ১১ জন শিবিরকর্মীকে আটক করা হয়েছে।