২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস

সীমান্তে হতাহতের ঘটনা শূন্যে নামিয়ে আনতে নয়াদিল্লি সচেষ্ট বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন সালমান খুরশিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 10:54 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।

সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা বন্ধে ঢাকার পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে।

ভারতের পক্ষ থেকে হত্যা বন্ধের প্রতিশ্রুতি মিললেও তা থামছে না।

সালমান খুরশিদ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

এই সময় তিনি ঋণ চুক্তির আওতায় অনুদানের ২০ কোটি ডলারের প্রথম কিস্তি হিসাবে পাঁচ কোটি ডলারের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রেসসচিব জানান, সাক্ষাতকালে তিস্তার পানি বণ্টন চুক্তি, আঞ্চলিক যোগাযোগ, বর্ডার হাট এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা হয়।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আসন্ন বাংলাদেশ সফরের বিষয়েও এসময় আলোচনা হয়।

সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ।