অপহরণের ১৩ দিন পর লাশ উদ্ধার
যশোরের বেনাপোলে অপহরণের ১৩ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার কাগজপুকুর বাজারের একটি মুদি দোকানের পাকা মেঝে খুঁড়ে বাদলের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জনতা ১০টি দোকান ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
নিহত বাদল ভাড়ায় চালিত মটর সাইকেল চালক ছিলেন। তিনি শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামের ইসলাম আলী মোড়লের ছেলে।
বাদলকে হত্যার অভিযোগে উপজেলার সাদিপুর গ্রামের মালেক, মালেকের স্ত্রী সূর্য বেগম ও মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি এ কে এম ফারুক হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর বাদলের আর কোনো খোঁজ পাওয়া না গেলে তার ভাই শাজাহান পরদিন বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করেন। সেখানে সন্দেহভাজন অপহরণকারী হিসেবে সিরাজ, মন্টু, মাসুদ, মালেকসহ পাঁচ/সাত জনের নাম উল্লেখ করা হয়।
শনিবার মালেককে আটক করে তার কাছ থেকে বাদলের মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এরপর মালেকের স্বীকারোক্তি অনুযায়ী মিম স্টোরের মেঝে খুঁড়ে বাদলের লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে বলেও জানান ওসি ফারুক।
