চুয়াডাঙ্গায় পিটুনিতে ২ ‘ডাকাত’ নিহত
আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামে ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বলেশ্বরপুর গ্রামের রাস্তায় ওপর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, দুটি বোমা, দুটি ধারালো অস্ত্র ও দুই ব্যক্তির লাশ বলেশ্বরপুর গ্রামের রাস্তার ওপর পড়ে আছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে ওসি আরো জানান, নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুই জনেরই বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।
পরণে শার্ট ও লুঙ্গি ছিল। দুটি লাশের পাশেই লাল স্টচ টেপ দিয়ে জড়ানো দুটি বোমা ও দুটি ধারালো হাসুয়া পাওয়া গেছে বলে জানান ওসি আব্দুল্লাহ।
