২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব হত্যার প্রতিবাদ জেলায় জেলায়

শাহবাগ আন্দোলনের কর্মী স্থপতি ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যার প্রতিবাদ অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন স্থানে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

ঢাকার মিরপুর ও গাজীপুরের কাপাসিয়ায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন এবং শিক্ষার্থীরা কালোব্যাচ ধারণ করেছেন।

চট্টগ্রাম ও রংপুরে গায়েবানা জানাযায় অংশ নেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হাজার হাজার মানুষ।

শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের পলাশনগরের নিজ বাড়ির সামনে রাজীবকে কুপিয়ে পরে জবাই করে দুর্বৃত্তরা। তার পরিবার এবং আন্দোলনের সহকর্মীদের দাবি, জামায়াত-শিবির এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

খুলনা: নগরীর শিববাড়ী মোড়ে নির্দলীয় গণমঞ্চে রাজীব হায়দারের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

রাজীবের হত্যাকান্ডের প্রতিবাদে আন্দোলনকারীরা কালোব্যাজ ধারণ করেছেন। বেলা ১২টার দিকে তারা শিববাড়ী থেকে শুরু করে ময়লাপোতা মোড় পর্যন্ত রোড মার্চ কর্মসূচি পালন করেন। পরে আবারো শিববাড়ীতে গিয়ে কর্মসূচি শেষ হয়।

সকাল থেকে নির্দলীয় গণমঞ্চে গণজোয়ার ক্রমশ বাড়তে থাকে। বিপুল সংখ্যক নারী পুরুষ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা হাজির হয়ে আন্দোলনকারীদের সঙ্গে সমস্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শ্লোগান তোলেন।

নেত্রকোনা: শাহবাগের কর্মসূচির প্রতি একাতœতা জানিয়ে সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি ও ব্লগার রাজীবের খুনিদের গ্রেপ্তারের দাবিতে জেলা শহরে বিকাল সাড়ে ৫টার দিকে বিক্ষোভ মিছিল হয়েছে।

৭১ প্রজন্ম এর ব্যানারে ছাত্র-জনতার এ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

মাগুরা: যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামাতের রাজনীতি নিষিদ্ধ ও ব্লগার রাজিব হয়দার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে ঘাতক দালাল নির্মুল কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।

জামালপুর: শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গণ জাগরণ মঞ্চসহ বিভিন্ন স্থানে প্রতিবাদী কর্মসূচি চলছে। দুপুরে শহরের রেল গেট এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধন করে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং রাজীবের খুনিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।

রাজিব হত্যার প্রতিবাদে কালো ব্যাচ ধারণও করা হয়।

বগুড়া: রাজাকারমুক্তর দেশ গড়ার প্রত্যয়ে শনিবার বগুড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ হয়েছে।

বেলা ১১টায় শহেেরর সাতমাথা গণজাগরণ প্রজন্ম মঞ্চে এই সমাবেশ শুরু হয়। মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিট কমান্ড আয়োজিত এই সমাবেশে জেলার সকল উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিট অংশ নেয়।

সমাবেশে মুক্তিযোদ্ধাদের শপথ করান মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রম।

এর আগে জাতীয় ও সাংগাঠনিক পতাকা উত্তোলন এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বরে।

সমাবেশে বক্তারা সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা করা হয়। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি করেন তারা।