২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর-কাপাসিয়ায় অবরোধ

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয়দের অবরোধে অচল হয়ে পড়ে ঢাকার মিরপুরের সড়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সালাউদ্দিন ওয়াহিদ ও আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 07:39 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

রাজীবকে শুক্রবার রাতে মিরপুরের পলাশনগরে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।

শনিবার মিরপুরের পাশাপাশি রাজীবের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।

রাজীব হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচক্কর থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কে স্বতস্ফূর্ত অবস্থান নেয় জনতা। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে ছিলেন।

এর ফলে মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বেশ কিছু সময় বন্ধ ছিল।

স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এই কর্মসূচিতে অংশ নেন।

ইলিয়াস মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ অবস্থান কর্মসূচি পালন করছে।

যুদ্ধাপরাধের বিচার ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে লেখালেখি করতেন রাজীব। এজন্য তাকে একটি ব্লগের পোস্টে হুমকিও দেয়া হয়।

রাজীবের স্বজন ও শাহবাগ আন্দোলনকারীরা বলছেন, রাজীব হত্যাকাণ্ডে জামায়াত-শিবির জড়িত।

রাজীবের বাবা কাপাসিয়ার বাসিন্দা ডা. নিজামউদ্দিন একজন মুক্তিযোদ্ধা।

রাজীবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপুরে কাপাসিয়ার বাজার সেতুর পাশে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়।

তখন ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকে।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শহীদুল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।