২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুপ্রহরে জমজমাট বইমেলা

একুশে বইমেলার পঞ্চদশ দিনের সকাল বেলাটা ছিল শুধুমাত্র শিশুদের জন্য। এসময় পুরো মেলা প্রাঙ্গণ শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

প্রকাশকরা জানালেন, গত দুই শিশুপ্রহরের তুলনায় শুক্রবার তাদের বিক্রিবাট্টা বেশ ভালোই হয়েছে।

এ সময় বাংলা একাডেমীর মেলা প্রাঙ্গণে ছিল ক্ষুদে বইপ্রেমীদের উপচেপড়া ভিড়।  তারা স্টলে স্টলে ঘুর বেড়িয়েছে পছন্দের বইটি কেনার জন্য। কেউ কেউ বইয়ের পাতা উল্টেপাল্টে দেখেছে। যে বইটির প্রচ্ছদ, ভেতরের অলংকরণ ভালো লেগেছে সেটি কিনেছে।

শিশুদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অনেক অভিভাবক তাদের শিশু সন্তানদের খ্যাতিমান লেখকদের বই কিনে দিয়েছেন। আর কিশোর-কিশোরীদের সেবা প্রকাশনী, বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত বই ও রোমাঞ্চোপন্যাস কিনতে দেখা যায়।

এদিন শিশুপ্রহরের আগের চেয়ে বিক্রি ভালো হওয়ায় প্রকাশকরা বেশ খুশি।

কাকলী প্রকাশনীর বিক্রয়কর্মী রায়হান বলেন, “গত শিশুপ্রহরের চেয়ে আজকে শিশুদের উচ্ছ্বাস বেশি। আমাদের বিক্রিও ভালো।”

কলি প্রকাশনীর বিপণন কর্মকর্তা আতিকুর রহমান বলেন, “আজকে শিশুতোষ বই বিক্রি হয়েছে ভালোই। বিকালের বিক্রিটা ভালো হবে আশা করছি।”

রাকিব, রিয়াদ, আরিফ, সোহাগ, সাগর, ইকরাম, রব্বানী, ফুয়াদ, সাবের, ইয়াসিন, মাসুম, এনাম, নাঈম, বায়োজিদ, হাসান, জাহেদ- এই ১৬ জন কিশোর সকাল ১০ টায় বইমেলায় আসে বই কিনতে। তারা সবাই  কেরানিগঞ্জের চরাইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

তারা জানায়, স্কুলের শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহর কাছ থেকে তারা অমর একুশে গ্রন্থমেলা সম্পর্কে জেনেছে। শিক্ষকের কথায় উদ্বুদ্ধ হয়ে মেলায় আসে এই কিশোরের দল। সবাই একটি করে বইও কিনেছে। তাদের মধ্যে সাগর কিনেছে সত্যজিৎ রায়ের লেখা শিশুতোষ বই ‘জয়বাবা ফেলুনাথ’।

সাগর বলেছে, “আমি ফেলুদার গল্প শুনেছি আমার বড় ভাইয়ের কাছে। সে জন্যই বইটি কিনলাম।”

বায়োজিদ এই প্রথম একুশের বইমেলায় আসতে পেরে ভীষণ আনন্দিত ও অণুপ্রাণিত।

“আমি এই প্রথম একুশের বইমেলা দেখলাম। এত এত বই দেখে আমার বুকটা ভরে গেছে। আমি বড় হয়ে বই লিখবো।”

বইমেলা কেমন লাগছে- এ প্রশ্ন করলে তারা একসঙ্গে তাদের অনুভূতির কথা বলতে থাকে।

তাদের একজন বললো, “খুব ভালো লেগেছে। আমরা কাল ক্লাশে গিয়ে সবার কাছে বইমেলার গল্প করবো।”

এদিকে সকাল ন’টা থেকে মেলার মূলমঞ্চে শুরু হয় শিশু-কিশোরদের সঙ্গীত প্রতিযোগিতা। সকালে ‘ক’ শাখায় (৬-১০ বছর) শিশুদের প্রাথমিক বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিতে এসেছিলো সেইন্ট ফ্রান্সিস জেভিয়ার্স কিন্ডারগার্টেনের কেজি ক্লাশের শিক্ষার্থী জেনিফার আহমেদ গহনা। সে মঞ্চে উঠে গেয়ে শোনায় ‘ওমা একটা কথা রাখো/ সুন্দর করে আমার খাতায় দেশের ছবি আঁকো’।

মেয়েটি গান গাওয়া শেষ করে তার মায়ের কাছে এলে কথা হয় তার সঙ্গেও। সে বললো, “আমি গেন্ডারিয়া থেকে এসেছি। গান শিখি সীমান্ত খেলাঘরে। এখন আমি বই কিনবো।”

কথা শেষ হতে না হতেই সে তার মায়ের হাত ধরে টানতে শুরু করে। তার মা জোসনা জনালেন,  বইকেনার জন্য মেয়েটা অস্থির হয়ে আছে। পাঁচটি বই কিনে দেয়ার বায়না ধরেছে সে।

বইমেলার সময়সূচিতে বেলা একটা পর্যন্ত ‘শিশুপ্রহরের’ জন্য নির্ধারিত ছিল। কিন্তু বেলা গড়ালেও শিশু-কিশোরদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। তাদের কলকাকলিতে মুখরিত ছিলো মেলা প্রাঙ্গণ।

বিকালেও জমজমাট মেলা

দুপুরের পর থেকেই যেন মানুষের ঢল নামে মেলায়। প্রিয়জনের হাত ধরে আসতে থাকে দর্শনার্থীরা। মহা উল্লাসে তারা মেলা প্রাঙ্গণে ঘুরে ঘুরে বই কিনেছেন। কেউ কেউ প্রিয় লেখকের অটোগ্রাফ নেন নতুন বইয়ে। বিক্রি ভালো হওয়ায় প্রকাশকদের মুখেও হাসি দেখা যায়।

সব মিলিয়ে একুশে বইমেলার পঞ্চদশ দিনটি হয়ে উঠে উৎসবমুখর। 

কবি আসাদ চৌধুরী বলেন, “সচরাচর যা হয়, এবারো তার ব্যত্যয় হয়নি। আজকে মেলার পনেরতম দিন। আমরা দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখে আসছি মাঝামাঝি থেকে মেলার লোকারণ্য রূপ। সেই ধারাবাহিকতা এবারেও দেখছি। দর্শনার্থীদের অধিকাংশই শাহবাগ হয়ে মেলায় এসেছেন। দোকানে দোকানে বিক্রিবাট্টা চলছে ভালো।”

এ মন্তব্যের সঙ্গে একমত উৎস প্রকাশনের মুস্তাফা সেলিমও।

তিনি বলেন,  “এবারের মেলায় আজকের বিক্রিই সর্বোচ্চ। ভালো হচ্ছে। তবে শাহবাগের গণআন্দোলন কিছুটা প্রভাব ফেলেছে। এতে আমাদের কোন ক্ষোভ নেই। একটি বইও যদি বিক্রি না হয়, তাতেও কোন অভিযোগ নেই আমার।  যে তারুণ্য জেগে ওঠেছে, তার ফলাফল না পাওয়া পর্যন্ত এ আন্দোলন চলুক।”

ধুলিধূসরিত মেলা

শুক্রবার মেলার ফটক খুলে দেওয়া হয় সকাল দশটায়। এরপর থেকেই মেলা মুখরিত ছিলো দুয়ার বন্ধ হওয়া পর্যন্ত। এতে করে মেলায় প্রচুর ধুলি ছড়িয়ে পরে। ধুলি থেকে রেহাই পেতে স্টলের বিক্রয়কর্মীদের নাকে-মুখে মাস্ক পরতে দেখাযায়।

এ বিষয়ে বাংলা একাডেমীর দৃষ্টি আর্কষণ করা হলে জনসংযোগ ও সমন্বয় বিভাগ থেকে জানানো হয়, আজ [শুক্রবার] মেলায় সারাদিনই মানুষের পদচারণা থাকায় তারা পানি ছিটাতে পারেননি। তবে এ বিষয়ে  তারা আরো যতœবান হবেন।

নতুন বই

শুক্রবার অমর একুশে গ্রন্থমেলায় এসেছে ২০০টি নতুন বই। এর মধ্যে গল্প ৩০টি, উপন্যাস ৩৪টি, প্রবন্ধ ১৫টি, কবিতা ৫৪টি, গবেষণা ২টি, ছড়া ৩টি, শিশুতোষ ১০টি, জীবনীগ্রন্থ ৭টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ৩টি, নাটক ৩টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণকাহিনী ২টি, ইতিহাস-১টি, চিকিৎসা/স্বাস্থ্য ২টি, রম্য/ধাঁধা ৫টি, ধর্মবিষয়ক ২টি, অনুবাদগ্রন্থ ১টি এবং অন্যান্য বিষয়ের ২৩টি বই।

নন্দিনী প্রকাশন নিয়ে এসছে হালিমা খাতুনের ‘বাদশাহ সুলায়মান (আ.) ও সম্রাজ্ঞী  বিলকিস’, আগামী এনেছে রাশেদ মেহেদীর ‘রাজপথের মহাকাব্য’, শব্দশৈলী এনছে মৌলি আজাদের ‘যেখানে জীবন সেখানেই আইন’, জাগৃতি এনছে রণেশ দাশগুপ্তের ‘শিল্পীর স্বাধীনতার প্রশ্নে’, আনিসুল হকের ‘ভুল ও ভালবাসার সঞ্চয়’, পালক এনেছে এম সাখাওয়াত হোসেনের ‘নির্বাচন কমিশনে পাঁচ বছর  (২০০৭-১২)’, চারুলিপি এনেছে সৈয়দ শামসুল হকের ‘নূরুলদীনের সারা জীবন’-এর সংস্করণ, বিভাস এনেছে সিকান্দার আবু জাফরের ‘বাংলা ছাড়ো’-এর সংস্করণ, ইজাজ আহমেদ মিলনের ‘পোড়ামাটির ক্যানভাসে বিরামহীন বেদনা’, কথা প্রকাশ  এনেছে আইয়ুব হোসেনের ‘কুসংস্কার সমাজে ও মননে’, অনন্যা এনেছে হানিফ সংকেতের ‘কষ্ট’, চন্দ্রছাপ এনেছে ড. মোহাম্মদ ইউসুফ মিঞার ‘কবিতার ছন্দে পানির রসায়ন’, ঐতিহ্য এনেছে শাহাদুজ্জামানের ‘দূরগামীর কথার ভেতর’, শুদ্ধস্বর এনেছে জুয়েল মাজহারের ‘দিওয়ানা জিকির’, মাওলা ব্রাদার্স এনেছে বেবি মওদুদের ‘টুনটুনি টুনটুন’, মিজান পাবলিশার্স এনেছে গোলাম সারোয়ারে ‘আমাদের লোকনাট্য আমাদের নাটক’, সাগর চৌধুরীর ‘বাজি’, জনান্তিক প্রকাশ করেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘আমিই সে’, সমরেশ মজুমদারের ‘স্বপ্নের বাজার’, হাওলাদার প্রকাশনী এনেছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘গল্প’-এর সংস্করণ, রোদেলা এনেছে শামসুজ্জামান শামসের ‘নোবেল বিজয়ী তিন বাঙালি’, মুক্তদেশ এনেছে মুম রহমানের ‘বিশ্বসেরা চলচ্চিত্র’, বিশ্বসাহিত্য ভবন এনছে মামুন রশীদের ‘তোমার পরে মেঘ জমলে’, অনিন্দ্য প্রকাশ নিয়ে এসেছে অনশী দাস অপু’র অনুবাদগ্রন্থ ‘সিডনি শেলডন মাস্টার অভ দ্য গেম’, হাতে খড়ি প্রকাশনী এনেছে আবদুল হাই শিকদারের ‘টম ’৭১’, কাকলী প্রকাশনী এনেছে শাহনাজ পারভীনের ‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা’।

মোড়ক উন্মোচন

এদিকে নজরুল মঞ্চে ৮টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। খোরশেদ আলম উন্মোচন করেছেন র‌্যাক লিটনের ‘দহনে সুখ’, কবি কামাল চৌধুরী শেখ হাফিজুর রহমানের ‘হিরোনি’ ও ‘স্বর্গ থেকে প্রত্যাবর্তন’, বিচারপতি মকবুল আহমেদ মুহাম্মদ মাসুম বিল্লাহর ‘কাছে যাবো’ ও ‘জীবন যখন যেমন’, ‘প্রেমের মৌতাত’, এবং মমি আনসারী’র ‘দুষ্টু ছেলে’র মোড়ক উন্মোচন করেন।

মূলমঞ্চের আয়োজন

সকাল ন’টায় শুরু হয় শিশু-কিশোরদের সংগীত প্রতিযোগীতার বাছাই পর্ব। বিকেল ৪ টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আবদুল কাদির : গবেষক-সম্পাদক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মুস্তাফা। আলোচনায় অংশ নেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, গবেষক সলিমুল¬াহ খান এবং গবেষক হাবিব রহমান। সভাপতিত্ব করেন কবি আবুবকর সিদ্দিক।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কাজী আরিফ, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, হুসনে আরা রুবী এবং মিজানুর রহমান সজল। মো. মোশাররফ হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘দৃষ্টি’, মো. ফয়েজুল বারীর পরিচালনায় ‘সুরতাল সংগীত একাডেমী’ এবং সুলতানা হায়দারের পরিচালনায় ‘সুকন্যা নৃত্যাঙ্গন’ সংগীত ও নৃত্য পরিবেশন করে।

শরিবারের অনুষ্ঠান

এদিন একুশে বইমেলায় সকাল দশটায় শিশু-কিশোরদের সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিকেল চারটায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘শহীদুল জহির : কোথায় পাবো তারে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রশান্ত মৃধা। আলোচনায় অংশগ্রহণ করবেন আনিসুল হক, সাদ কামালী এবং শাহ্নাজ মুন্নী। সভাপতিত্ব করবেন মনজুরে মওলা। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।