২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত আন্দোলনকারীদের: টুকু

গণজাগরণের কেন্দ্র হয়ে উঠা শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ ছাড়ার বিষয়ে আন্দোলনকারীরাই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা বিষয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “আমাদের তরুণ প্রজন্ম শাহবাগে আন্দোলন করছেন। তারা যখন তাদের দাবি দাওয়ার বিষয়ে সন্তুষ্ট হবেন, তখন তারাই শাহবাগ ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।”

শাহবাগের আন্দোলনকারীরা নাগরিক সুবিধার কথা বিবেচনা করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

শামসুল হক টুকু আরো বলেন, জামায়াত-শিবিরের হামলার পরিপ্রেক্ষিতে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ যা যা করা প্রয়োজন তা করবে। এক্ষেত্রে পুলিশ সর্বশক্তি নিয়োগ করবে।

এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, যারা সেখানে [শাহবাগ] আন্দোলন করছেন, তারা সাধারণ জনগণের সুযোগ-সুবিধা ও স্বার্থ সম্পর্কে ওয়াকিবহাল আছেন। তাদের সঙ্গে সমন্বয় করে কীভাবে পরিস্থিতির আরো উন্নতি করা যায় সে উদ্যোগ নেয়া হবে। এবং এব্যাপারে তিনি অাশাবাদী বলেও জানান।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বশক্তি প্রয়োগ করে শাহবাগে ‘প্রজন্ম চত্বরের’ নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি দেখভাল করছে বলেও জানালেন পুলিশের মহাপরিদর্শক।

এ সময় ডিএমপি কমিশনার বেনজির আহমেদসহ ঢাকা মহানগরের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।