পরাগ অপহরণ: আটকে গেলেন আসামি জাহিদ
স্কুলশিশু পরাগ মণ্ডল অপহরণ মামলায় একে একে পাঁচ আসামি জামিনে বেরিয়ে আসায় তা নিয়ে আলোচনার মধ্যে জামিন চেয়ে বিফল হয়েছেন আরেক আসামি।
জাহিদুল হাসান নামে এই আসামির জামিনের আবেদন বুধবার নাকচ করেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ।
এই বিচারকই গত ১ জানুয়ারি আবুল কাশেম, ১৫ জানুয়ারি যুবলীগ নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, ২৩ জানুয়ারি আলফাজ, ২৮ জানুয়ারি রিজভী আহমেদ অনিক ও ৭ ফেব্রুয়ারি মামুনকে জামিন দেন।
চাঞ্চল্যকর এই মামলার আসামিদের জামিনে ক্ষুব্ধ এক আইনজীবীর আবেদনে হাই কোর্ট বুধবারই জজ আব্দুল মজিদকে তলব করে। তাকে ২০ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে।
আইনজীবীরা জানিয়েছেন, আসামি জাহিদুল হাসানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
গত বছরের ১১ নভেম্বর সকালে মা-বোনকে গুলি করে কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকা থেকে অপহরণ করা হয় ব্যবসায়ীপুত্র পরাগকে।
অপহরণের ৬৪ ঘণ্টা পর ১৩ নভেম্বর মধ্যরাতে কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় অচেতন অবস্থায় পরাগকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে সেখানে ফেলে গিয়েছিল।
শুরু থেকেই অভিযোগ ছিল, শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জুয়েল মোল্লা এই অপহরণের অন্যতম পরিকল্পনাকারী।
পুলিশ প্রথমে আটক না করলেও হাই কোর্টের নির্দেশে গত বছরের ২২ নভেম্বর তাকে গ্রেপ্তার করেছিল।
পাঁচ আসামি বেরিয়ে গেলেও জাহিদ ছাড়া মামলার আরো চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন- আমির হোসেন, আলী রিফাত, কালাচাঁদ ও আল আমিন।
জাহিদসহ কারাগারে থাকা পাঁচজনই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
