২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাব থেকে কাদের- কামারুজ্জামান বাদ

সাংবাদিকসহ বিভিন্ন মহলের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে একাত্তরের যুদ্ধাপরধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লা ও অভিযুক্ত মোহাম্মদ কামারুজ্জামানের সদস্যপদ বাতিল করেছে জাতীয় প্রেসক্লাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 09:27 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

Image
কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের

কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের

বুধবার প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাসোসিয়েট প্রেসের ব্যুরো চিফ ফরিদ হোসেন জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জামায়াত নেতার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের গঠণতন্ত্রের ১৩ (ক) ১২ (ক) ও ৩৪ অনুচ্ছেদ অনুযায়ী আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্মামানের সদস্যসদ স্থায়ীভাবে বাতিল করা হলো।”

প্রেস ক্লাবের নিয়ম অনুযায়ী কোনো সদস্য আদালতে দণ্ডপ্রাপ্ত হলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে। এছাড়া গঠনতন্ত্রের ১৩ (ক) অনুচ্ছেদ অনুযায়ী কারো আচরণে ব্যবস্থাপনা কমিটি যদি মনে করে যে, তার পদে থাকা বাঞ্ছনীয় নয়, তাহলে তার সদস্যপদও বাতিল হতে পারে।     

একাত্তরে হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।   

একই ধরনের ঘটনায় ট্রাইব্যুনালে কামারুজ্জামানেরও বিচার চলছে। তিনিও জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল।   

প্রেস ক্লাব থেকে এ দুই জামায়াত নেতার সদস্যপদ বাতিলের জন্য সাংবাদিকরাসহ বিভিন্ন মহল থেকে দাবি জানানো হলেও কাদের মোল্লার রায়ের পর তা আরো জোরালো হয়।

কাদের মোল্লার রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে শাহবাগে নয় দিন ধরে বিক্ষোভ চালিয়ে আসা    

আন্দোলনকারীরাও গত ৮ ফেব্রুয়ারি লাখো মানুষের মহা সমাবেশ থেকে ওই দুই জামায়াত নেতার সদস্যপদ বাতিলের আহ্বান জানায়।