‘কইলজাটা ফাইট্টা যায়’ স্পিকারের
কিছু সংসদ সদস্যের সংসদের অধিবেশনে না এসে টেলিভিশনের টকশোতে যাওয়ার প্রবণতায় সরস মন্তব্য করেছেন স্পিকার আবদুল হামিদ।
তিনি বলেন, “কইলজা ফাইট্টা যায় তো বলতে পারি না; আমার মনটা ভাইংগা যায়।”
File Photo
মংগলবার জাতীয় সংসদে এ কথা বলেন স্পিকার।
এসময় অধিবেশন কক্ষে সাংসদদের নির্ধারিত আসন ছেড়ে অন্য আসনে বসে ঘন্টার পর ঘণ্টা আড্ডা দেওয়ারও সমালোচনা করেন তিনি।
বিকাল পাঁচটা ২৫ মিনিটের দিকে সরকার দলীয় সাংসদ ইসরাফিল আলমকে উদ্দেশ্য করে আবদুল হামিদ বলেন, “আমি আপনাকে অনেক্ষণ ধরে দেখছি নিজের আসন ছেড়ে অন্য আসনে বসে আসেন। এলাকার উন্নয়নের জন্য মন্ত্রীর কাছে দু’তিন মিনিটের জন্য বসে থাকতে পারেন।কিন্তু এভাবে অনেক্ষণ ধরে নিজের আসন ছেড়ে অন্যত্র বসে থাকা ঠিক নয়।”
সাংসদ ইসরাফিল এ সময় নিজের আসন ছেড়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর পাশে বসেছিলেন।
অনেক সাংসদের এ রকম আচরণে হতাশা প্রকাশ করেন স্পিকার আবদুল হামিদ।
“অনেককে দেখি অন্যের আসনে গিয়ে শুধু গল্পই করতে থাকে। দুই-পাঁচ মিনিট নয়; আধঘন্টা-এক ঘণ্টা, ঘণ্টার পর ঘন্টা বসে থাকবে-এটা ঠিক নয়।”
কিছু সংসদ সদস্য সংসদের অধিবেশনে না এসে টেলিভিশনের টকশোতে যাওয়ারও সমালোচনা করেন স্পিকার আবদুল হামিদ। কোনো সদস্যের নাম উল্লেখ না করে সরস বান ছোড়েন তাদের লক্ষ্য করে।
আবদুল হামিদ বলেন, “আপনাদের চেহারা দেখতে আমার খুব ভালো লাগে। হাউজে দেখতে না পারি কিন্তু টেলিভিশনের পর্দায় দেখি। সরাসরি না দেখলে আমার মন ভরে না। কী বলবো-কইলজাটা ফাইট্টা যায় তো বলতে পারি না, মনটা ভাইংগা যায়। আপনাদের সংসদে দেখতে চাই।”
বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এসব রসিকতা-ক্ষোভ দেখান তিনি।
