মাগুরা পৌর মেয়র মারা গেছেন
জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মো. আলতাফ হোসেন (৭৪) আর নেই।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের এ সংগঠক।
বুধবার দুপুর ২টায় মাগুরা শহরের নোমানী ময়দানে জানাযা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে বলে তার স্বজনরা জানিয়েছেন।
তার ছেলে খোরশেদ হায়দার টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে ফুসফুসে অসুখ ও শ্বাস কষ্টে ভুগছিলেন তিনি। ইতিপূর্বে তার বাইপাস অপারেশন করা হয়েছিল।
আলতাফ হোসেনের মৃত্যুতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
১৯৭৮ সালে তৎকালীন মহাকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মুক্তিযোদ্ধা আলতাফ। ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা সভাপতি ছিলেন। আওয়ামী লীগের বিগত কমিটির কার্যনির্বাহী সদস্যও ছিলেন তিনি।
