‘হলমার্ক চেয়ারম্যানের দেশত্যাগ নয়’
হলমার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম যাতে দেশত্যাগ না করতে পারেন তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে হাই কোর্ট।
দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদে জেসমিন ইসলাম, সঙ্গে স্বামী তানভীর আহমেদ
নাজিম আহমেদ নামের এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার হাই কোর্টে আবেদনটি দাখিল করেন। ওই আবেদনের শুনানি করে সোমবার আদেশ দিল আদালত।
জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।
এছাড়া জেসমিন ইসলামকে জামিন দেয়া মামলাগুলোর নথি তলব করেছে আদালত। জামিন শুনানিতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের দেয়া বক্তব্যের ব্যাখ্যাও চাওয়া হয়েছে আদেশে।
ঢাকার জেলা প্রশাসক, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জেসমিন ইসলাম ও দুর্নীতি দমন কমিশনকে বিবাদী করা হয়েছে রুলে।
অন্তর্বতীকালীন আদেশ বাস্তবায়ন এবং রুলের জবাব দিতে বিবাদীদের এক সপ্তাহ সময় দেয়া হয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন ড. ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
ইউনুস আলী বলেন, এই আদেশের ফলে সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে সতর্কতা জারি করতে হবে। কোনোভাবেই যেন জেসমিন ইসলাম দেশত্যাগ না করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদন করেন ইউনুস আলী।
তিনি বলেন, “দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের শুনানিতে আদালতকে বলেছিলেন, ‘আসামি যদি সোনালী ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে অঙ্গীকার করেন তবে তাকে জামিন দেওয়া যেতে পারে। এই ধরণের বক্তব্য তিনি দিতে পারেন না।”
“টাকাতো দিতেই হবে। টাকা ফেরত দিলেই অপরাধ শেষ হয়ে যাবে না। এ জন্য তার ব্যাখ্যা চাওয়া হয়েছে”, বলেন তিনি।
গত ৭ ফেব্রুয়ারি সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণ ফেরত দিতে সম্মত হওয়ায় এবং ছেলের এসএসসি পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে জেসমিন ইসলামকে ১১ মামলায় ৫০ হাজার টাকার মুচলেকায় দেড় মাসের জামিন দেয় বিচারিক আদালত।
হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম কীভাবে, কতোদিনের মধ্যে ঋণ পরিশোধ করবেন তা আদেশে উল্লেখ না থাকায় হাই কোর্টে এই রিট আবেদন করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর জেসমিন, তার স্বামী হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে।
এরপর গত বছরের ৭ নভেম্বর মানিকগঞ্জ থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যাব। তার আগে গ্রেপ্তার হন তার স্বামী তানভীর ও ভাই হল-মার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ।
দুদক কর্মকর্তারা জেসমিনকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।
হল-মার্কের অনিয়মের তথ্য বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে প্রকাশ পেলে তা নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা হয়। এরপর দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। মামলা দায়েরের আগে তানভীর ও জেসমিনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
ঋণ কেলেঙ্কারির এই ঘটনায় এরই মধ্যে দুই মহাব্যবস্থাপকসহ ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
