টাকা ফেরতের শর্তে জেসমিনের জামিন
সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের অঙ্গীকারের শর্তে হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে এগারো মামলায় জামিন দিয়েছে আদালত।
দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদে জেসমিন ইসলাম, সঙ্গে স্বামী তানভীর আহমেদ
আদেশে বলা হয়, সোনালী ব্যাংকের ঋণ দিতে সম্মত হওয়ায় এবং ছেলের এসএসসি পরীক্ষার কথা বিবেচনা নিয়ে আসামিকে ৫০ হাজার টাকার মুচলেকায় দেড় মাসের জামিন দেয়া হলো।
তবে হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম কীভাবে, কতোদিনের মধ্যে ঋণ পরিশোধ করবেন, আদেশে তা উল্লেখ করা হয়নি।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর জেসমিন, তার স্বামী হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে।
এরপর গত বছরের ৭ নভেম্বর মানিকগঞ্জ থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যাব। তার আগে গ্রেপ্তার হন তার স্বামী তানভীর ও ভাই হল-মার্কের মহা ব্যবস্থাপক তুষার আহমেদ।
দুদক কর্মকর্তারা জেসমিনকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।
তার জামিন আবেদনের শুনানিতে আসামি পক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু আদালতকে বলেন, “আসামি হলমার্কের চেয়ারম্যান। তার স্বামী তানভীর আহমেদ চেয়ারম্যানের পক্ষে সব কিছু করতেন। সোনালী ব্যাংক থেকে বৈধ উপায়ে ঋণ নেওয়া হয়েছে। ঋণের টাকা আসামি পরিশোধ করবেন।”
হীরু আরো বলেন, জেসমিনের ছেলে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাবা-মা দু জনেই কারাগারে থাকায় অনেক সমস্যা হচ্ছে।
এসব যুক্তিতে জেসমিনকে জামিন দেয়ার আবেদন করেন তিনি।
এর বিরোধিতা করে দুদকের প্রধান আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, আসামি যদি সোনালী ব্যাংকের টাকা পরিশোধ করতে অঙ্গীকার করেন, কেবল তখনই তাকে জামিন দেওয়া যেতে পারে।
শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।
হল-মার্কের অনিয়মের তথ্য বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে প্রকাশ পেলে তা নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা ওঠে। এরপর দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। মামলা দায়েরের আগে তানভীর ও জেসমিনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
ঋণ কেলেঙ্কারির এই ঘটনায় এরই মধ্যে দুই মহাব্যবস্থাপকসহ ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
