রোকেয়া বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়। তিনঘণ্টাব্যাপী মানববন্ধনে সাধারণ শিক্ষক ও শিক্ষার্র্থীরাও অংশ নেন।
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।
বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্যকে আহ্বান জানিয়ে সংগঠনের আহবায়ক অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, “দ্রুত ক্যাম্পাস খুলে দিয়ে আমাদেরকে সেশন জটের কবল থেকে রক্ষা করুন।”
আরো বক্তব্য দেন রসায়ন বিভাগের প্রধান এইচএম তারিকুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।
এর আগে একই দাবিতে রোববার বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে সমাবেশ ও মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।
মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব ড. তুহিন ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্য তার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং সাধারণ শিক্ষকদের সঙ্গে আলোচনা না করেই মধ্যরাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন।
সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)নারায়ণ চন্দ্র বর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিন্ডিকেটের সভা ছাড়াই উপাচার্য তার একক সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। শনিবার রাতে সিন্ডিকেট সভায় বিষয়টি সদস্যদের জানানো হয়। তাই বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”
তবে ২/১ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে এবং পরে টিচার্স কাউন্সিলের সঙ্গে বৈঠক করে বিদ্যমান সমাস্যা সমাধানের পর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সদস্যরা একমত পোষণ করেছেন বলেও তিনি জানান।
উপাচার্য ড. আব্দুল জলিল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২/১ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম চালু এবং টিচার্স কাউন্সিলের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে।”
উপাচার্য ড. আব্দুল জলিল মিয়ার দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ এবং তার অপসারণের দাবিতে সচেতন শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষকরা এবং সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা যৌথভাবে ৫ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করে।
আন্দোলন চলার সময় ১০ জানুয়ারি ছাত্রলীগের নেতৃত্বে বহিরাগতরা হামলা চালায় আন্দোলনকারিদের উপর। এ সয়ম তাদের এসিড হামলার শিকার হন পাঁচ শিক্ষক। আহত হন শিক্ষকসহ ১৮ জন। এ ঘটনার পরপরই আমরণ অনশনে যান আন্দোলনকারীরা।
ওই রাতেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেন উপাচার্য।
