গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায়ায় আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বাড়ৈপাড়া এলাকার পলমল নিটওয়্যার লিমিটেড নামের কারখানাটিতে রোববার রাতে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানান কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
অপূর্ব বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাততলা কারখানাটির তৃতীয় তলার স্টোররুমে আগুন দেখতে পাই।”
“সাভারের ইপিজেড, কালিয়াকৈর ও গাজীপুরের ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে স্টোররুমে থাকা ফেব্রিক্স ও এক্সেসরিজ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
