২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে রঞ্জন মাথাইয়ের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পিএমও প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব রোববার সন্ধ্যায় গণভবনে যান বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লাল দেব সাংবাদিকদের জানিয়েছেন।

রঞ্জন মাথাই ভারত ও বাংলাদেশের স্থলসীমা, ২০০ কোটি আর্থিক অনুদানের বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে উপপ্রেসসচিব সাংবাদিকদের জানান।

রঞ্জন মাথাই বলেন, ২০০ কোটি ডলার আর্থিক অনুদান দ্রুত দেয়ার প্রক্রিয়া চলছে।

দুই দেশের স্থলসীমা চুক্তি অনুস্বাক্ষরের বিষয়টি ভারতের পার্লামেন্টে চলতি অধিবেশনেই উত্থাপন হবে জানিয়ে তা পাসের আশা প্রকাশ করেন তিনি।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ভারতের পররাষ্ট্র সচিব।

রাষ্ট্রপতি হওয়ার পর বিদেশে প্রথম সফরে বাংলাদেশে আসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বাঙালি।

শেখ হাসিনা বলেন, “প্রণব মুখার্জিকে সাগ্রহে অভ্যর্থনা জানাতে আমরা অপেক্ষা করছি।”

প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেনের অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টির কাজের প্রশংসাও রঞ্জন মাথাই করেন বলে বিজন লালদেব জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ এবং অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।