স্কুল শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ
“মা-বাবার কাছে শুনেছি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এবং মানুষ হত্যা করেছিল তারা যুদ্ধাপরাধী।”
চট্টগ্রাম প্রেসক্লাব সড়কে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান সমাবেশে আসা কয়েকজন স্কুল শিক্ষার্থী বললেন এই কথা।
স্কুল ছুটির পর বাসায় না গিয়ে তারা মায়ের সঙ্গে বসে পড়েছে রাস্তায়, সবার সঙ্গে তারাও স্লোগানে গলা মেলাচ্ছে, “ক- তে কাদের মোল্লা- তুই রাজাকার, তুই রাজাকার, ন-তে নিজামী- তুই রাজাকার, তুই রাজাকার।”
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বন্দরনগরী চট্টগ্রামে টানা পঞ্চম দিনের মতো চলছে সমাবেশ।
রোববার প্রেস ক্লাব সড়কে বিকাল তিনটায় উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় সমাবেশ।
শাহবাগের সমাবেশের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের এ সমাবেশের নাম দেয়া হয়েছে ‘গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম’।
সমাবেশে নিয়মিতই আসছে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ, চোখে পড়ার মত উপস্থিতি ছিল স্কুল শিক্ষার্থীদের। প্রেস ক্লাবের আশপাশের সেন্ট মেরীস্, এজি চার্চ কিন্ডারগার্টেন, ডা. খাস্তগীর স্কুল, মুহসীন স্কুল ও চট্টগ্রাম সরকারি স্কুলের শিক্ষার্থীরা দল বেঁধে অভিভাবকদের সঙ্গে এসেছে সমাবেশস্থলে।
প্রত্যেকে নিজের নিজের জায়গা করে নিচ্ছে সমাবেশে। শ্লোগান তুলছে, “আমি কে তুমি কে? বাঙালি বাঙালি, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁয় নাই, জামায়াতে ইসলাম মেড বাই পাকিস্তান, মন্দির, মসজিদ, গীর্জায় রাজনীতির ঠাঁই নাই।”
প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হাজারো মানুষের মধ্যে কথা হয় হিমাদ্রী- সুবর্ণা দম্পতির সঙ্গে। চার বছরের সন্তান অনীককে সবার সঙ্গে স্লোগান দিচ্ছেন সকলের সাথে। ছেলের মাথায় বাঁধা ব্যান্ডে লেখা ‘রাজাকারের ফাঁসি চাই’। আর তার মাথায় বাঁধা জাতীয় পতাকা।
ওই দম্পতি বললেন, “আমরা এ প্রজন্মের লোক, মুক্তিযুদ্ধ আমরা দেখিনি। কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে লালন করে আসছি। নিজেদের সন্তানের মধ্যেও এ চেতনা ছড়িয়ে দেয়ার জন্য আজ এখানে ছুটে এসেছি। ”
রাঙামাটি থেকে সমাবেশে আসা সৈকত চৌধুরী বলেন, “আমরা রাঙামাটিতে গতকাল পর্যন্ত সমাবেশ করেছি। সেখানে সমাবেশের কার্যক্রম কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। তাই আজ চলে এলাম চট্টগ্রামের সমাবেশে যোগ দিতে।”
যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর চট্টগ্রামে প্রথম মানববন্ধন ও সমাবেশের উদ্যোগ নেয় ‘সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ’। কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার পুনরায় সমাবেশ শুরু করলে এ সমাবেশ পরিণত হয় সাধারণ মানুষের সমাবেশে।
